ইউএসবি পোর্টে আটকে যেতে পারে ওয়াই-ফাইয়ের গতি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৬

ইউএসবি পোর্টে আটকে যেতে পারে ওয়াই-ফাইয়ের গতি

কম্পিউটারে ইউএসবি ওয়াই-ফাই ডঙ্গল ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া গেলেও ইউএসবি পোর্টের গতির কারণে সংযোগ ধীর হতে পারে কি না, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিশেষ করে ওয়াই-ফাই ৬ ও ওয়াই-ফাই ৭ ডঙ্গল ব্যবহারের ক্ষেত্রে ইউএসবি পোর্টের ধরন গুরুত্বপূর্ণ। তবে দ্রুতগতির ডঙ্গল চালাতে ইউএসবি ৩.০ পোর্ট সাধারণত যথেষ্ট।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াই-ফাই ডঙ্গলের গায়ে থাকা এএক্স১৮০০ বা বিই৬৫০০-এর মতো গতি আসলে বাস্তব ব্যবহারের গতি নয়। নির্মাতারা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সর্বোচ্চ গতি যোগ করে এ ধরনের সংখ্যা উল্লেখ করেন।

উদাহরণ হিসেবে, এএক্স১৮০০ ডঙ্গলে ৫ গিগাহার্টজ ব্যান্ডে ১ হাজার ২০০ মেগাবিট এবং ২ দশমিক ৪ গিগাহার্টজ ব্যান্ডে ৫৭৪ মেগাবিট গতি যোগ করে ১ হাজার ৮০০ মেগাবিট বলা হয়। কিন্তু ওয়াই-ফাই সংযোগ সাধারণত এক সময়ে একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। ফলে বিজ্ঞাপনে উল্লেখ করা সম্মিলিত গতি বাস্তবে পাওয়া যায় না।

ওয়াই-ফাই ৭-এর ক্ষেত্রে তাত্ত্বিকভাবে একাধিক সংযোগ একসঙ্গে ব্যবহারের সুযোগ থাকলেও ডঙ্গল ও রাউটার উভয়েই নির্দিষ্ট মাল্টি-লিংক প্রযুক্তি সমর্থন করতে হবে। বর্তমানে কোনো ওয়াই-ফাই ৭ ডঙ্গল এ সুবিধা দিতে পারে না। তাছাড়া সংকেতের ত্রুটি ও অন্যান্য কারণে বাস্তবে নির্ধারিত গতির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ পাওয়া যায়। ভালো পরিস্থিতিতে ওয়াই-ফাই ৭ ডঙ্গল প্রায় ২ গিগাবিট গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে।

ইউএসবি ৩.০ বা ইউএসবি ৩.২ জেন ১ পোর্টের সর্বোচ্চ গতি ৫ গিগাবিট। বিভিন্ন ধরনের অতিরিক্ত তথ্য, নিম্নমানের তার, বেশি প্রসেসর ব্যবহার ও একই কম্পিউটারে অন্য ইউএসবি যন্ত্র যুক্ত থাকায় গতি কিছুটা কমলেও বাস্তবে ২ দশমিক ৫ থেকে ৩ গিগাবিটের বেশি গতি পাওয়া সম্ভব। ফলে সবচেয়ে দ্রুতগতির ওয়াই-ফাই ৭ ডঙ্গলের জন্যও ইউএসবি ৩.০ সাধারণত যথেষ্ট।

ওয়াই-ফাই ৬ বা ওয়াই-ফাই ৭ ডঙ্গলের সঙ্গে ইউএসবি ২.০ পোর্ট ব্যবহার করলে সংযোগের গতি কমে যেতে পারে। তবে ছোট আকারের কিছু ইউএসবি ২.০ ডঙ্গল ভালো বেতার পরিবেশে ২০০ থেকে ৩০০ মেগাবিট পর্যন্ত গতি দিতে পারে, যা অধিকাংশ ভিডিএসএল ইন্টারনেট সংযোগের জন্য যথেষ্ট।

ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহারের ক্ষেত্রে অবশ্য সতর্ক থাকতে হবে। ইউএসবি টাইপ-এ পোর্টে নীল রং দেখে অনেক সময় ইউএসবি ৩.০ পোর্ট চেনা যায়। কিন্তু টাইপ-সি পোর্টে এমন দৃশ্যমান পার্থক্য নেই। তাই কম্পিউটারের পোর্টটি কোন মানের, তা জানতে ব্যবহারকারীর নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন