এআইয়ের চাহিদা বাড়ায় এনভিডিয়ার ২০ লাখ চিপ কিনছে অ্যামাজন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা বাড়ায় এনভিডিয়ার কাছ থেকে আরও ২০ লাখ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপ কিনছে অ্যামাজন। ২০২৭ ও ২০২৮ সালে এসব চিপ অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে যুক্ত করা হবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।
নতুন চিপগুলোর মধ্যে থাকবে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আল্ট্রা, রুবিন ও রুবিন আল্ট্রা সিরিজের জিপিইউ। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় এগুলো ব্যবহার করা হবে।
এর আগে পাঁচ মাস আগে এডব্লিউএসে চলতি বছর থেকে ১০ লাখের বেশি এনভিডিয়া জিপিইউ ব্যবহারের চুক্তি করেছিল অ্যামাজন। তবে এরপর চাহিদা প্রত্যাশার চেয়ে বেড়ে যাওয়ায় নতুন করে আরও ২০ লাখ চিপ কেনার সিদ্ধান্ত হয়েছে।
চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেনি দুই প্রতিষ্ঠান। তবে জিপিইউয়ের দাম বিবেচনায় নিলে এর মূল্য কয়েক হাজার কোটি ডলার হতে পারে।
নতুন অংশীদারিত্ব শুধু চিপ কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। এনভিডিয়ার নেটওয়ার্কিং প্রযুক্তি, উন্মুক্ত এআই মডেল, কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (সিপিইউ), তথ্য প্রক্রিয়াকরণ সফটওয়্যার ও রোবোটিকস প্রযুক্তিও এডব্লিউএসে যুক্ত হবে।
স্টার্টআপ, বড় প্রতিষ্ঠান, এআই গবেষণাগার ও বিভিন্ন সরকারের কাছ থেকে ‘বাড়তি চাহিদা’ তৈরি হওয়ায় অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান।
এদিকে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই চিপও তৈরি করছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির ট্রেনিয়াম চিপ এনভিডিয়ার এইচ১০০ ও ব্ল্যাকওয়েলের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। অন্য প্রতিষ্ঠানকে এসব চিপ বিক্রির পরিকল্পনাও করছে অ্যামাজন।
অ্যামাজনের নিজস্ব চিপ ব্যবসা বছরে ২৫ বিলিয়ন ডলারের আয় ছাড়িয়েছে। অ্যানথ্রপিক ও ওপেনএআইসহ এআই গবেষণাগারগুলোর কাছ থেকে মোট ২২৫ বিলিয়ন ডলারের চুক্তি পাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে এআই চিপের বাজারে এনভিডিয়ার আধিপত্য এখনো শক্তিশালী। নতুন চুক্তির আওতায় ২০ লাখ জিপিইউয়ের পাশাপাশি এনভিডিয়ার ভেরা সিরিজের সিপিইউও অ্যামাজনকে দেওয়া হবে। কিছু রুবিন চিপের সঙ্গে এবং কিছু আলাদাভাবে ব্যবহার করা হবে।
অ্যামাজনের গুদামের রোবটেও এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করা হবে। এ জন্য ওমনিভার্স, কসমস, আইজ্যাক ও জেটসনসহ এনভিডিয়ার বিভিন্ন রোবোটিকস প্রযুক্তি কাজে লাগবে।
এডব্লিউএসে এনভিডিয়ার নেমোট্রন সিরিজের উন্মুক্ত এআই মডেলও যুক্ত হবে। এগুলো অ্যামাজনের বেডরক ও সেজমেকার সেবায় ব্যবহার করা যাবে।
এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এনভিডিয়ার বিক্রি হয়েছে ৯৬ দশমিক ২ বিলিয়ন ডলার। এর মধ্যে ডেটা সেন্টার ব্যবসা থেকে এসেছে ৮৯ বিলিয়ন ডলার, যা এক বছর আগের তুলনায় ১১৭ শতাংশ বেশি।
তৃতীয় প্রান্তিকে ১০৮ বিলিয়ন ডলার আয়ের আশা করছে এনভিডিয়া। নতুন রুবিন জিপিইউ থেকেও এ সময়ে আয় আসবে। এআই চাহিদা মেটাতে সরবরাহ ও উৎপাদন সক্ষমতা নিশ্চিত করতে ২৭৯ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।