ডেটা সেন্টার অবকাঠামোয় বড় বিনিয়োগে এনভিডিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১৫:৫৪

ডেটা সেন্টার অবকাঠামোয় বড় বিনিয়োগে এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের চাহিদাও দ্রুত বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে ডেটা সেন্টার অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান ক্লোভারলিফ ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগের ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে কৌশলগত অংশীদারত্বও হয়েছে।

২০২৪ সালে প্রতিষ্ঠিত ক্লোভারলিফ একই বছর ৩০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও ডেটা সেন্টার নির্মাতাদের মধ্যে সমন্বয় করে থাকে। ডেটা সেন্টার নির্মাণের জন্য বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরিতে সহায়তা করে তারা।

চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি এনভিডিয়া ও ক্লোভারলিফ। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ক্লোভারলিফে এনভিডিয়ার বিনিয়োগের পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছাতে পারে। রয়টার্স জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে ক্লোভারলিফের সংখ্যালঘু মালিকানা পেয়েছে এনভিডিয়া।

এআই খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে ডেটা সেন্টারের চাহিদাও বাড়ছে। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি প্রয়োজন হওয়ায় নতুন ডেটা সেন্টার নির্মাণ এবং বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ হচ্ছে। এনভিডিয়া এবার সেই অবকাঠামো তৈরির প্রক্রিয়ায় আরও সরাসরি যুক্ত হচ্ছে।

এনভিডিয়ার জন্য এ ধরনের বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ডেটা সেন্টারগুলোতেই তাদের এআই চিপ ও অন্যান্য প্রযুক্তির বড় অংশ ব্যবহৃত হয়। ফলে ডেটা সেন্টার নির্মাণে অর্থায়ন ও অবকাঠামো উন্নয়নে যুক্ত হয়ে এআই খাতের সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করার পাশাপাশি নিজেদের পণ্যের চাহিদাও বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।

এর আগে চলতি সপ্তাহে ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত ওহাইওভিত্তিক একটি ডেটা সেন্টার প্রকল্পে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় এনভিডিয়া। প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে এসবি এনার্জি।

এনভিডিয়ার বিপুল মুনাফার একটি অংশ এআই অবকাঠামো তৈরিতে বিনিয়োগের এই প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও স্পষ্ট হয়েছে। চিপ তৈরির পাশাপাশি এআই ব্যবহারের জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নেও সরাসরি যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন