এআইয়ের পর মহাকাশেও বড় বিনিয়োগ এনভিডিয়ার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১৩:৪০

এআইয়ের পর মহাকাশেও বড় বিনিয়োগ এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আধিপত্যের পর এবার মহাকাশ প্রযুক্তিতেও বড় বিনিয়োগকারী হিসেবে আলোচনায় এসেছে এনভিডিয়া। ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সে এনভিডিয়ার অংশীদারির মূল্য দ্বিতীয় প্রান্তিক শেষে প্রায় ২ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া নথিতে এনভিডিয়া জানিয়েছে, তাদের কাছে স্পেসএক্সের ১২ কোটি ২৮ লাখ ক্লাস-এ শেয়ার রয়েছে। জুনে রেকর্ড আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে আসে স্পেসএক্স। তবে তালিকাভুক্তির পর দুই মাসে শেয়ারটির দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে।

দ্বিতীয় প্রান্তিক শেষে স্পেসএক্সের শেয়ারের দাম ছিল ১৭০ দশমিক ৮৬ ডলার। সে হিসাবে এনভিডিয়ার অংশীদারির মূল্য দাঁড়ায় প্রায় ২ হাজার ১০০ কোটি ডলার। তবে শুক্রবার লেনদেন শেষে শেয়ারের দাম ১৪০ ডলারে নেমে আসায় অংশীদারির বর্তমান মূল্য কমে প্রায় ১ হাজার ৭২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

স্পেসএক্সে এনভিডিয়ার এই অংশীদারি এসেছে মূলত ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইতে করা বিনিয়োগের মাধ্যমে। চলতি বছরের জানুয়ারিতে ২ হাজার কোটি ডলারের অর্থায়ন পর্বে এনভিডিয়া ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করে। পরে ফেব্রুয়ারিতে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি ডলার মূল্যায়নে এক্সএআইকে অধিগ্রহণ করে স্পেসএক্স।

তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, স্পেসএক্সের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী এখন এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারধারী ইলন মাস্ক। তার অংশীদারির মূল্য প্রায় ৮৫ হাজার কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, যার অংশীদারির মূল্য প্রায় ৭ হাজার ৮০০ কোটি ডলার।

এদিকে চলতি মাসে স্পেসএক্স জানিয়েছে, তাদের এআই ডেটা সেন্টার ও উন্নত এআই মডেল পরিচালনায় কেবল এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের ভাষ্য, এআই মডেলের প্রশিক্ষণ ও পরিচালনায় এনভিডিয়ার জিপিইউ বর্তমানে সবচেয়ে কার্যকর প্রযুক্তি সরবরাহ করছে।

সূত্র : সিএনবিসি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন