জবিতে প্রথমবারের মতো এআই ও আইটি ফেস্ট বসছে ৩০ আগস্ট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১৫:৪৩

জবিতে প্রথমবারের মতো এআই ও আইটি ফেস্ট বসছে ৩০ আগস্ট
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেএনইউ এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’। তরুণদের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিনির্ভর গবেষণা ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে আয়োজিত এই জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট।

উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জবি আইটি সোসাইটি। সেখানে আয়োজকরা জানান, দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোর ও কেন্দ্রীয় অডিটোরিয়ামে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জবি আইটি সোসাইটির সভাপতি ইমাম হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, তানজিল আহমেদ, সংগঠনের দপ্তর সম্পাদক মো. শাহরিয়ার জুবায়েরসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আয়োজকদের মতে, প্রথমবারের এই আয়োজন তরুণ প্রযুক্তি উদ্ভাবকদের জন্য নিজেদের কাজ প্রদর্শন এবং প্রযুক্তি খাতের শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের অংশগ্রহণে উৎসবে থাকছে ওয়েব, অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রকল্প প্রদর্শনী ‘ব্রেইনচাইল্ড সিজন ২.০’।

এ ছাড়া এআইনির্ভর বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা ‘এআই অ্যাড-ভেঞ্চার’, শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের জন্য ‘এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড’ এবং প্রযুক্তিগত সহায়তা কার্যক্রম ‘টেককেয়ার জোন’ আয়োজন করা হবে। পাশাপাশি প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘টেকআনকাট’ শীর্ষক বিশেষ কনফারেন্স।

আয়োজকরা জানান, এ আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে টেকওয়ার্ল্ড বাংলাদেশ। 

সংবাদ সম্মেলনে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ আয়োজন তরুণদের নতুন চিন্তা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সম্ভাবনাকে আরও বিকশিত করতে সহায়তা করবে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তরুণ উদ্ভাবকদের সক্ষমতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে উৎসবটি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন