অস্ট্রেলিয়ায় স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে হবে টেক জায়ান্টদের
অস্ট্রেলিয়া সরকার প্রযুক্তি জায়ান্টদের জন্য প্রস্তাবিত করের হার বাড়িয়েছে, যা স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে তাদের ওপর আরোপ করা হবে। সোমবার সরকার জানায়, `নিউজ বার্গেইনিং ইনসেনটিভ' কাঠামোর আওতায় এই লেভি ২.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করা হয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, এই কর আর কোম্পানির মোট আয়ের ওপর নয়, বরং শুধু বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে। সরকারের ভাষ্য, এতে করে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর আয়ের সেই অংশের সঙ্গে সরকার বা কর্তৃপক্ষের আরোপ করা করের সম্পর্ক আরও সরাসরি হবে, যেখান থেকে তারা সংবাদ কনটেন্ট ব্যবহার করে লাভবান হয়।
এই নিয়ম প্রযোজ্য হবে এমন সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যাদের অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সার্চ সেবা রয়েছে এবং স্থানীয় আয় ২৫ কোটি অস্ট্রেলিয়ান ডলারের বেশি। ফলে মেটা, গুগল ও টিকটকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই নীতির আওতায় পড়বে।
আগের প্রস্তাবে পেশাদার নেটওয়ার্কিং সাইটগুলোকে ছাড় দেওয়া হলেও নতুন সিদ্ধান্তে সেই সুবিধা তুলে নেওয়া হয়েছে। ফলে লিংকডইনও এখন এই কাঠামোর অন্তর্ভুক্ত হবে।
সরকার জানিয়েছে, এই লেভি থেকে সংগৃহীত অর্থ পুরোপুরি স্থানীয় সংবাদমাধ্যম খাতে দেওয়া হবে, যাতে সাংবাদিকতা ও সংবাদ উৎপাদনকে টেকসই রাখা যায়।
সহকারী ট্রেজারার ড্যানিয়েল মুলিনো বলেন, করের হার বাড়ানোর লক্ষ্য হলো প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সংবাদমাধ্যমের যে চুক্তি হবে, সেখান থেকে মোট যে অর্থ আসবে তা যেন স্থিতিশীল থাকে এবং ভবিষ্যতে বিজ্ঞাপন আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তে পারে।
আইনটি চলতি মাসে পার্লামেন্ট পুনরায় অধিবেশন শুরু হলে উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
সূত্র : রয়টার্স