আইফোন ১৮ লঞ্চে পরিবর্তন, আগে আসছে প্রো সংস্করণ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬

আইফোন ১৮ লঞ্চে পরিবর্তন, আগে আসছে প্রো সংস্করণ
ছবি : ফোর্বস

অ্যাপল তাদের আইফোন উন্মোচনের দীর্ঘদিনের প্রচলিত কৌশলে পরিবর্তন আনছে। সাধারণত প্রতি বছর একই সময়ে পুরো আইফোন সিরিজ বাজারে আনা হলেও এবার সেই ধারা ভাঙছে প্রতিষ্ঠানটি। আইফোন ১৮ সিরিজে প্রো মডেলগুলো আগে বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স ২০২৬ সালের সেপ্টেম্বরে উন্মোচিত হবে। অন্যদিকে, সাধারণ আইফোন ১৮ বাজারে আসতে পারে ২০২৭ সালের বসন্তে। এই বিলম্ব সরবরাহ সমস্যার কারণে নয়, বরং পরিকল্পিত ব্যবসায়িক কৌশল।

বাড়তি খরচে প্রো মডেলের দিকে ঝোঁক

এই কৌশলের ফলে যারা বছরের শেষের দিকে নতুন আইফোন কিনতে চান, তাদের সামনে সীমিত বিকল্প থাকবে। তারা হয় পুরনো ফোন ব্যবহার চালিয়ে যাবেন, নয়তো বাড়তি প্রায় ২০০ ডলার খরচ করে প্রো মডেল কিনতে বাধ্য হবেন। এর মাধ্যমে অ্যাপল গড় বিক্রয়মূল্য বাড়াতে চায়।

এআই সুবিধা পেতে প্রো মডেলই ভরসা

নতুন আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ভূমিকা রাখবে। উন্নত এআই সুবিধাগুলো চালাতে প্রয়োজন হবে অন্তত ১২ জিবি র‍্যাম, যা মূলত প্রো মডেলেই থাকবে। ফলে পূর্ণাঙ্গ এআই সুবিধা পেতে ব্যবহারকারীদের প্রো সংস্করণ বেছে নেওয়া ছাড়া উপায় থাকবে না

মাঝামাঝি দামের বিকল্প কমছে

এই পরিবর্তনের ফলে মাঝামাঝি দামের নতুন মডেলের অভাব দেখা দেবে। অনেক ক্রেতাকে তখন পুরনো আইফোন ১৭ কিনতে হতে পারে, যদিও সেটি তুলনামূলক পুরনো হয়ে যাবে এবং নতুন এআই সুবিধা সমর্থন নাও করতে পারে।

দীর্ঘমেয়াদে প্রো মডেলকে মানদণ্ড বানানোর পরিকল্পনা

২০২৭ সালে সাধারণ আইফোন ১৮-এর সঙ্গে কমদামের একটি সংস্করণও আসতে পারে। এর মাধ্যমে অ্যাপল ধাপে ধাপে তাদের পণ্যের কাঠামো সাজাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই কৌশলের লক্ষ্য প্রো মডেলকে নতুন মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা।

বর্তমান প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে এই পরিবর্তন কতটা সফল হবে, তা এখন দেখার বিষয়

সূত্র : ফোর্বস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন