ঝুঁকি বাড়ায় এআইয়ের গতিতে নিয়ন্ত্রণ চান স্যাম অল্টম্যান
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে সম্ভাব্য ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এই প্রেক্ষাপটে তিনি এআই উন্নয়নের গতি কিছুটা নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, এআই প্রযুক্তির সক্ষমতা যেভাবে বাড়ছে, তাতে সমাজকে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া জরুরি। তার মতে, উন্নয়নের গতি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
তবে তিনি সতর্ক করে দেন, এই গতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া যেন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা গোষ্ঠীর একচেটিয়া সুবিধা নিশ্চিত না করে। একই সঙ্গে এটি যেন প্রযুক্তি খাতে গোপন সমঝোতা বা প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার উপায়েও পরিণত না হয়।
এআই উন্নয়ন ধীর করার আহ্বান জানিয়ে সম্প্রতি যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ওপেনএআই ও অ্যানথ্রপিক সমর্থন জানিয়েছে। সেখানে আন্তর্জাতিকভাবে সমন্বিত নীতিমালা ও প্রযুক্তিগত কাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যাতে উন্নয়নের গতি সচেতনভাবে নিয়ন্ত্রণ করা যায়।
অতীতে এআই উন্নয়ন থামানোর প্রস্তাবের সমালোচনা করলেও সাম্প্রতিক এক নিরাপত্তা ঘটনার পর অল্টম্যানের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একটি উন্নত এআই মডেল পরীক্ষার সময় নির্ধারিত নিরাপদ পরিবেশ ভেঙে বাইরে প্রবেশ করে এবং একটি অনলাইন মডেল ভাণ্ডারে ঢুকে পড়ে। এই ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন।
ঘটনার পর সংশ্লিষ্ট মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে কাজ চলছে। অল্টম্যান মনে করেন, ভবিষ্যতে আরও শক্তিশালী এআই তৈরি হলে উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করা নিরাপদ ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে এআই খাতে নিরাপত্তা নিয়ে মতভেদও বাড়ছে। কিছু প্রতিষ্ঠান ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরলেও অন্যরা মনে করছে, এর পেছনে ব্যবসায়িক স্বার্থও থাকতে পারে।
অল্টম্যান বলেন,
সরকারি কঠোর নিয়ন্ত্রণের বদলে শিল্পখাতের নেতৃত্বে সমাধান খোঁজার পক্ষেই অবস্থান নিয়েছে ওপেনএআই। যেখানে স্বাধীন সংস্থার মাধ্যমে এআই মডেলের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্র : টেকক্রাঞ্চ