স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শক বাড়াতে ইউটিউবকে বেছে নিয়েছে পিকক
স্ট্রিমিং দুনিয়ায় প্রতিযোগিতা যখন দিন দিন বাড়ছে, তখন দর্শকসংখ্যা বাড়াতে নতুন কৌশল নিয়েছে এনবিসিইউনিভার্সালের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক। অধিগ্রহণের পথে না গিয়ে ইউটিউবের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের কনটেন্ট আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
ঘোষণা অনুযায়ী, ইউটিউব ও এনবিসিইউনিভার্সালের মধ্যে একটি বহুবর্ষী কৌশলগত চুক্তি হয়েছে। এর ফলে ২০২৭ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা পিককের প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবেন। এতে জনপ্রিয় লাইভ স্পোর্টস, টিভি শো এবং বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট একই প্ল্যাটফর্মে দেখা সম্ভব হবে।

এই অংশীদারিত্বের অন্যতম বড় দিক হলো, পিককের কনটেন্ট সরাসরি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যেই যুক্ত হবে। ফলে ব্যবহারকারীদের আলাদা অ্যাপে যেতে হবে না, বরং ইউটিউব থেকেই সহজে কনটেন্ট খুঁজে দেখা যাবে। এতে ইউটিউব প্রিমিয়ামের আকর্ষণও বাড়বে এবং প্ল্যাটফর্মটি একটি পূর্ণাঙ্গ স্ট্রিমিং হাবে পরিণত হওয়ার পথে আরও এগিয়ে যাবে।
বর্তমানে ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো দর্শকদের সময়ের বড় অংশ দখল করে নিচ্ছে। এই পরিস্থিতিতে অনেক মিডিয়া প্রতিষ্ঠান বড় ধরনের অধিগ্রহণ ও একীভূতকরণের দিকে ঝুঁকছে। তবে পিকক ভিন্ন পথে হাঁটছে, যেখানে মূল লক্ষ্য হচ্ছে কনটেন্টকে সরাসরি দর্শকের কাছে পৌঁছে দেওয়া।
এর আগে পিকক অ্যামাজন ও অ্যাপলের সঙ্গেও অংশীদারিত্ব করেছে। তবে ইউটিউবের সঙ্গে এই চুক্তিকে তাদের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পিকক প্রথমবারের মতো মুনাফা অর্জন করেছে। বর্তমানে প্ল্যাটফর্মটির প্রায় ৪ কোটি ৮০ লাখ অর্থপ্রদানকারী গ্রাহক রয়েছে।
এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়বে, যেখানে এনবিসিইউনিভার্সালের অন্যান্য স্ট্রিমিং সেবাও ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে নির্দিষ্ট কিছু অঞ্চলে পাওয়া যাবে। পাশাপাশি শিগগিরই ইউটিউব প্রাইমটাইম চ্যানেলের মাধ্যমে আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও পিকক প্রিমিয়াম যুক্ত করা হবে।
বিশ্লেষকদের মতে, দর্শক যেখানে বেশি সময় কাটাচ্ছে, সেখানে উপস্থিতি বাড়ানোই এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য সবচেয়ে কার্যকর কৌশল হয়ে উঠছে। পিককের এই পদক্ষেপ সেই দিকেই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
সূত্র : টেকক্রাঞ্চ