৮ জিবি র্যামে চলবে না উইন্ডোজ ১১, বলছে মাইক্রোসফট
মাত্র ৮ জিবি র্যামে উইন্ডোজ ১১ চালানো কার্যকর নয়, এমন বাস্তব চিত্রই উঠে এসেছে মাইক্রোসফটের সর্বশেষ ল্যাপটপ পর্যালোচনায়। প্রতিষ্ঠানটির নিজস্ব সারফেস ল্যাপটপেও এই সীমাবদ্ধতা স্পষ্টভাবে ধরা পড়েছে।
২০২৬ সালের সারফেস ল্যাপটপে আগের বছরের মতো একই নকশা ও হার্ডওয়্যার রাখা হলেও র্যাম কমিয়ে ৮ জিবি করা হয়েছে। কিন্তু দাম আগের তুলনায় বাড়ানো হয়েছে, ফলে কম সক্ষমতা নিয়ে বেশি মূল্য দিতে হচ্ছে ব্যবহারকারীদের।
পরীক্ষায় দেখা গেছে, সাধারণ ব্যবহার যেমন ইন্টারনেট ব্রাউজিং বা ভিডিও দেখার ক্ষেত্রে ডিভাইসটি মোটামুটি ঠিক থাকলেও একাধিক কাজ একসঙ্গে করতে গেলে সমস্যা দেখা দেয়। বিশেষ করে ভিডিও কল, একাধিক ট্যাব খোলা এবং বিভিন্ন অ্যাপ চালু থাকলে ল্যাপটপ সাময়িকভাবে থেমে যাচ্ছে।
তথ্য অনুযায়ী, সিস্টেম চালু হওয়ার পরই বেশিরভাগ র্যাম ব্যবহৃত হয়ে যায়। ফলে ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত কাজ করার সুযোগ সীমিত হয়ে পড়ে। এমনকি হালকা ব্যবহারের সময়ও দিনে কয়েকবার আটকে যাওয়ার অভিজ্ঞতা পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে উইন্ডোজ ১১ স্বাচ্ছন্দ্যে চালাতে ৮ জিবি র্যাম যথেষ্ট নয়। অন্তত ১৬ জিবি র্যাম প্রয়োজন, বিশেষ করে যারা একাধিক কাজ একসঙ্গে করেন তাদের জন্য।
বৈশ্বিক র্যাম সংকটের কারণে নির্মাতারা কম র্যামের ল্যাপটপ বাজারে আনছে, যাতে কম দামের ডিভাইস সরবরাহ বজায় থাকে। তবে এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাই নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে বেশি র্যামযুক্ত মডেল বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় ভবিষ্যতে ডিভাইসের কর্মক্ষমতা আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : দ্য ভার্জ