আইওএস ২৭ পাবলিক বেটায় সবার জন্য উন্মুক্ত অ্যাপলের নতুন এআই সিরি
অ্যাপল আইওএস ২৭ পাবলিক বেটার মাধ্যমে তাদের সবচেয়ে বড় সিরি আপডেট সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। ফলে আনুষ্ঠানিক উন্মোচনের আগেই নতুন এআই সহকারীটি ব্যবহার করে দেখার সুযোগ মিলছে।
এটাই প্রথমবার ডেভেলপারদের বাইরে এআইচালিত সিরি উন্মুক্ত হলো। বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটির বেশি সক্রিয় ডিভাইস থাকায় অল্পসংখ্যক ব্যবহারকারীও যুক্ত হলে এটি হবে সিরির সবচেয়ে বড় পরীক্ষা। চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের সঙ্গে প্রতিযোগিতায় এটিই অ্যাপলের বড় পদক্ষেপ।
জুনে ঘোষিত এই আপডেটে সিরি এখন আরও সক্ষম। এটি ইমেইল, ছবি ও বার্তা থেকে তথ্য নিতে পারে, স্ক্রিনের কনটেন্ট বুঝে উত্তর দেয় এবং বিশ্বজ্ঞান ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়।
পুরো সিস্টেমজুড়ে এর ব্যবহার সহজ করা হয়েছে। “হেই সিরি”, সাইড বাটন বা ডায়নামিক আইল্যান্ড থেকে সোয়াইপ করে এটি চালু করা যায়। স্পটলাইটের সঙ্গে যুক্ত হওয়ায় যেকোনো প্রশ্নের উত্তর খোঁজা আরও সহজ হয়েছে।
প্রথমবার সিরির জন্য আলাদা অ্যাপও এসেছে, যদিও সিস্টেমজুড়ে সংযুক্ত থাকায় এর প্রয়োজন অনেক ক্ষেত্রে কম। আইফোন ছাড়াও আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ, কারপ্লে, এয়ারপডস, অ্যাপল টিভি ও ভিশন প্রোতেও এটি পাওয়া যাবে।
সিরি এআই চালিত হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশন মডেলে, যা ডিভাইসেই চলে এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট ব্যবহার করে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা অ্যাক্সেস করা হয় না। গুগলের জেমিনির সহায়তায় তৈরি হলেও অ্যাপল নিজস্বভাবে এটি অপ্টিমাইজ করেছে।
প্রাথমিক পরীক্ষায় সিরি ছবি খোঁজা, মেসেজ সংক্ষেপ করা, ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করা ও পুষ্টিগুণ জানাতে আগের চেয়ে দক্ষতা দেখিয়েছে। পাশাপাশি স্থানীয় ইভেন্ট বা সাম্প্রতিক খবর সম্পর্কিত প্রশ্নের উত্তরও ভালো দিচ্ছে।
তবে ডেভেলপার বেটায় কিছু ত্রুটি দেখা গেছে, কখনও ভুল ফলাফল বা বিভ্রান্তি তৈরি হয়েছে। এরপরও ধারণা করা হচ্ছে, সিরি দৈনন্দিন ব্যবহারে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বেটা সংস্করণ তুলনামূলক স্থিতিশীল হলেও ইনস্টল করার ক্ষেত্রে সতর্কতা জরুরি। যাদের ডিভাইসে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দরকার, তাদের জন্য সেপ্টেম্বরের আনুষ্ঠানিক সংস্করণ পর্যন্ত অপেক্ষা করাই ভালো।
সূত্র : টেকক্রাঞ্চ