সাইবার হামলায় ঝুঁকিতে অ্যাপল ও টেসলার তথ্য

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৪ জুন ২০২৬, ১৩:৩০

সাইবার হামলায় ঝুঁকিতে অ্যাপল ও টেসলার তথ্য
ছবি : সিএনবিসি

অ্যাপল ও টেসলার গুরুত্বপূর্ণ সরবরাহকারী টাটা ইলেকট্রনিক্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ ডেটা ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে প্রযুক্তি বিশ্বে উদ্বেগ বাড়ছে। কোম্পানিটি কয়েক সপ্তাহ আগে এই সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়টি শনাক্ত করেছে বলে নিশ্চিত করেছে।

হ্যাকার ফোরামে প্রকাশিত তথ্য অনুযায়ী, টাটা ইলেকট্রনিক্স থেকে ৬৩০ গিগাবাইটের বেশি ডেটা চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে দুই লক্ষাধিক ফাইল রয়েছে, যার মধ্যে অ্যাপলের সরবরাহ সংক্রান্ত স্পেসিফিকেশন এবং টেসলার উৎপাদনসংক্রান্ত কিছু নথির নমুনা পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এসব ডেটার সত্যতা পুরোপুরি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, ফাঁস হওয়া তথ্যে ই-মেইল কথোপকথন, এন্টারপ্রাইজ সফটওয়্যার সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানের নথি থাকতে পারে। এতে টাটা ইলেকট্রনিক্সের আন্তর্জাতিক অংশীদারদের তথ্যও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার পরপরই তারা নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, কতজন বা কত প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা গ্রাহকদের অবহিত করা হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই ঘটনার কোনো প্রভাব তাদের চলমান কার্যক্রমে পড়েনি

এরই মধ্যে জানা গেছে, কিছু কর্মীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। একটি মুক্তিপণ দাবির বিষয়ও সামনে এসেছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিশ্বব্যাপী প্রযুক্তি সরবরাহ চেইনে টাটা ইলেকট্রনিক্সের গুরুত্ব ক্রমেই বাড়ছে। ২০২৩ সালে অ্যাপলের জন্য আইফোন উৎপাদনে যুক্ত হওয়ার পর এবং পরবর্তীতে বড় অংশীদারিত্ব অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারণ ঘটিয়েছে। টেসলার সঙ্গেও সেমিকন্ডাক্টর সরবরাহ চুক্তি করেছে তারা।

বিশ্লেষকদের মতে, এই ধরনের ডেটা ফাঁস শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো প্রযুক্তি সরবরাহ চেইনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন