এক্সবক্সের ২৫ বছর পূর্তি

২০০১ থেকে ২০২৬: এক্সবক্সের চার প্রজন্ম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:১৭

২০০১ থেকে ২০২৬: এক্সবক্সের চার প্রজন্ম

২০০১ সালে গেমিং কনসোলের বাজারে যাত্রা শুরু করে মাইক্রোসফটের এক্সবক্স। এরপর চার প্রজন্মে এসেছে কনসোলটির বিভিন্ন সংস্করণ। অনলাইন গেমিং, গেমের অর্জনভিত্তিক পুরস্কার এবং সাবস্ক্রিপশনভিত্তিক গেমের ভান্ডার এক্সবক্সের মাধ্যমে গেমিং জগতে নতুন মাত্রা যোগ করেছে।

এক্সবক্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে কনসোলটির বিভিন্ন প্রজন্ম ও মুক্তির সময় নিয়ে স্মৃতিচারণ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট। তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালের প্রথম মডেল থেকে শুরু করে বর্তমান সিরিজ এক্স ও সিরিজ এস পর্যন্ত এক্সবক্সের যাত্রা বেশ বৈচিত্র্যময়।

এক্সবক্স

২০০১ সালে ৩০০ মার্কিন ডলার দামে বাজারে আসে প্রথম এক্সবক্স। সে সময় সনি ও নিনটেনডোর প্লেস্টেশন ২ এবং গেমকিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামে মাইক্রোসফট। বিক্রির দিক থেকে প্লেস্টেশন ২ এগিয়ে থাকলেও অনলাইন গেমিংয়ে নতুন মান তৈরি করে এক্সবক্স। ২০০২ সালের শেষ দিকে চালু হয় এক্সবক্স লাইভ। বছরে ৫০ মার্কিন ডলার ফি দিয়ে ইন্টারনেটের মাধ্যমে হ্যালো: কমব্যাট ইভলভডসহ বিভিন্ন গেমে বন্ধু ও অন্য খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। ২০০৩ সালে মাইক্রোসফট জানায়, চালুর চার মাসের মধ্যেই সেবাটির গ্রাহকসংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

২০০৫ সালের মাঝামাঝি এক্সবক্স লাইভের গ্রাহকসংখ্যা বেড়ে ২০ লাখে পৌঁছায়। হ্যালো সিরিজের জনপ্রিয়তাও কনসোলটির বিক্রিতে বড় ভূমিকা রাখে।

এক্সবক্স ৩৬০

২০০৫ সালে দুটি সংস্করণে বাজারে আসে এক্সবক্স ৩৬০। ৪০০ মার্কিন ডলারের প্রিমিয়াম সংস্করণে ছিল তারবিহীন কন্ট্রোলার ও ২০ গিগাবাইটের হার্ডড্রাইভ। অন্যদিকে ৩০০ মার্কিন ডলারের কোর সংস্করণে ছিল তারযুক্ত কন্ট্রোলার, তবে কোনো হার্ডড্রাইভ ছিল না।২০০৭ সালে আসে কালো রঙের এক্সবক্স ৩৬০ এলিট। এতে যুক্ত হয় ১২০ গিগাবাইটের হার্ডড্রাইভ ও এইচডিএমআই পোর্ট। ২০১০ সালে উন্নত কুলিং ব্যবস্থাসহ বাজারে আসে এক্সবক্স ৩৬০ স্লিম। ২০১৩ সালের জুনে আসে অপেক্ষাকৃত সরু নকশার এক্সবক্স ৩৬০ই।

এই প্রজন্মে যুক্ত হয় অ্যাচিভমেন্ট ও গেমারস্কোর। গেম খেলার অগ্রগতির ভিত্তিতে পুরস্কার পাওয়ার এ ব্যবস্থা খেলোয়াড়দের মধ্যে নতুন আগ্রহ তৈরি করে। রেড রিং অব ডেথ নামে পরিচিত অতিরিক্ত গরম হয়ে কনসোল নষ্ট হওয়ার সমস্যা থাকলেও এক্সবক্স ৩৬০ মাইক্রোসফটের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কনসোল। এর বিক্রি ৮ কোটি ৪০ লাখ ইউনিট ছাড়িয়েছে।

২০১০ সালে মাইক্রোসফট বাজারে আনে কাইনেক্ট। ক্যামেরার মাধ্যমে খেলোয়াড়ের পুরো শরীরের নড়াচড়া শনাক্ত করে গেম খেলার সুযোগ দিত এই আনুষঙ্গিক যন্ত্র।

এক্সবক্স ওয়ান

২০১৩ সালের গ্রীষ্মে এক্সবক্স ওয়ান উন্মোচন করে মাইক্রোসফট। শুরুতে ৪৯৯ মার্কিন ডলারের কনসোলটির সঙ্গে কাইনেক্ট ২.০ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে ব্যবহারকারীদের সমালোচনার মুখে বাজারে আসার আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে কনসোলটির দাম কমিয়ে ৪০০ মার্কিন ডলার করা হয় এবং কাইনেক্ট ছাড়াই বিক্রি শুরু হয়। এক্সবক্স ওয়ানে যুক্ত ছিল ব্লু-রে প্লেয়ার ও ৫০০ গিগাবাইটের হার্ডড্রাইভ। কন্ট্রোলারেও আনা হয় নতুন নকশা ও কিছু পরিবর্তন।

২০১৬ সালে আসে এক্সবক্স ওয়ান এস। মূল মডেলের তুলনায় ৪০ শতাংশ ছোট এই সংস্করণে যুক্ত হয় ফোরকে সমর্থন, ফোরকে ব্লু-রে প্লেয়ার ও ফোরকে ভিডিও স্ট্রিমিং সুবিধা। পরের বছর ৪৯৯ মার্কিন ডলারে বাজারে আসে এক্সবক্স ওয়ান এক্স। এটি ছিল মাইক্রোসফটের প্রথম কনসোল, যেখানে নেটিভ ফোরকে রেজল্যুশনে গেম খেলার সুবিধা পাওয়া যায়। এতে ছিল এইচডিআর সমর্থনও।

এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস

২০১৯ সালে এক্সবক্স সিরিজ এক্স উন্মোচন করে মাইক্রোসফট। ২০২০ সালের ১০ নভেম্বর ৫০০ মার্কিন ডলার দামে বাজারে আসে কনসোলটি। প্রতিষ্ঠানটির দাবি, এটি তাদের সবচেয়ে দ্রুতগতির ও শক্তিশালী কনসোল। এতে নেটিভ ফোরকে রেজল্যুশনে সর্বোচ্চ ১২০ ফ্রেম পার সেকেন্ডে গেম খেলার সুবিধা রয়েছে।

একই বছরের সেপ্টেম্বরে তুলনামূলক সাশ্রয়ী সংস্করণ সিরিজ এস উন্মোচন করে মাইক্রোসফট। ৩০০ মার্কিন ডলারের এই কনসোলে ডিস্ক ড্রাইভ নেই। ফলে এটি মূলত গেম পাস গ্রাহক ও ডিজিটাল গেম কেনায় আগ্রহীদের জন্য তৈরি। সিরিজ এসের সর্বোচ্চ রেজল্যুশন ১৪৪০পি। এটি গেমের রেজল্যুশন বাড়িয়ে দেখাতে পারে, তবে নেটিভ ফোরকে সমর্থন করে না।

এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন সময়ে দাম বাড়ার পর বর্তমানে ৫১২ গিগাবাইটের সিরিজ এসের দাম শুরু হয়েছে ৫০০ মার্কিন ডলার থেকে। এক টেরাবাইট স্টোরেজের ডিস্কবিহীন সিরিজ এক্সের দাম ৭৫০ মার্কিন ডলার এবং ডিস্ক ড্রাইভসহ সংস্করণের দাম ৮০০ মার্কিন ডলার।

এক্সবক্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর স্বচ্ছ সবুজ নকশার বিশেষ সিরিজ এক্স সংস্করণও এনেছে মাইক্রোসফট। ২০০১ সালের প্রথম এক্সবক্সের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন