আইএসপিএবি’র সংবাদ সম্মেলন

ডিজিটাল অবকাঠামো রক্ষায় স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৪ জুন ২০২৬, ১৭:০৯

ডিজিটাল অবকাঠামো রক্ষায় স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান
আইএসপিএবি'র সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা ইন্টারনেট সেবার ধারাবাহিকতা ব্যাহত করার পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে সেবায় স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের কাছে ছয়টি দাবি জানিয়েছে তারা।

আজ  (১৪ জুন) বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। তারা জানান, গত ৯ জুন দিবাগত রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় একাধিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে বলা হয়, হামলার সময় একদল ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষতি হয়।

আইএসপিএবির নেতারা বলেন, দেশের কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাম্প্রতিক এসব হামলা খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ ও সেবার ধারাবাহিকতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট স্থানীয় থানাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় বিনিয়োগ ও সেবার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আইএসপিএবি আশা প্রকাশ করে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে এবং তথ্যপ্রযুক্তি খাতের নিরাপদ বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু ও ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম এবং এস এম সাইফুল ইসলাম সেলিম।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন