এআই ঝুঁকি নিয়ে বিতর্ক, আইনি চাপে এক্সএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরি হারানোর অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক সাবেক প্রকৌশলী। অভিযোগ অনুযায়ী, গ্রোক এআই চ্যাটবটের নিরাপত্তা ইস্যু নিয়ে বারবার সতর্ক করার পর তাকে বরখাস্ত করা হয়।
ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ডেভিন কিম নামের ওই প্রকৌশলী ২০২৫ সালের সেপ্টেম্বরে এক্সএআই ত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, কাজের সময় গ্রোকের উন্নয়নে নিরাপত্তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং এ বিষয়ে তিনি একাধিকবার উদ্বেগ প্রকাশ করেন।
মামলার নথিতে দাবি করা হয়েছে, কিম আশঙ্কা করেছিলেন গ্রোক এআই বৈষম্যমূলক আচরণ তৈরি করতে পারে এবং ঝুঁকিপূর্ণ তথ্য, এমনকি গণবিধ্বংসী অস্ত্রসংক্রান্ত বিষয় ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
পরবর্তীতে গ্রোক নিয়ে বিভিন্ন বিতর্কিত ঘটনার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে চ্যাটবটটি অনলাইনে ঘৃণাসূচক বক্তব্য দেয় এবং নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করে বিতর্ক সৃষ্টি করে বলে অভিযোগে বলা হয়। পরে কিম মডেলটির পক্ষপাত ও বৈষম্যজনিত প্রবণতা পর্যালোচনার উদ্যোগ নেন।

অভিযোগ অনুযায়ী, এক্সএআই ছাড়ার কয়েক মাস পর আবারও বিতর্কে আসে গ্রোক, যখন এটি ব্যবহার করে এক্স প্ল্যাটফর্মে অননুমোদিত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
মামলায় কিম নিজেকে হুইসেলব্লোয়ার হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে আইন ও নীতিমালা উপেক্ষা করেছে, যার মধ্যে রয়েছে ভোক্তা সুরক্ষা ও নিরাপত্তা বিধি।
তবে মামলায় সরাসরি ইলন মাস্ককে দায়ী করা হয়নি। বরং অভিযোগের কেন্দ্রে আছেন এক্সএআইয়ের এক সহপ্রতিষ্ঠাতা, যিনি নাকি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিবর্তে দ্রুত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং অভিযোগকারী প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করেছেন।
মামলার নথিতে আরও বলা হয়েছে, ‘নিরাপত্তার চেয়ে দ্রুত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ফলে ঝুঁকি বাড়তে পারে’ এমন সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা বিধি এড়ানোর চেষ্টার অভিযোগও তোলা হয়েছে।
এ বিষয়ে এক্সএআই এবং স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি।