ডিডিআইএক্সপো-২০২৬
বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন ৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
দেশের বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ডিডিআইএক্সপো-২০২৬-এর অংশ হিসেবে ‘বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৭ মে) বিকেলে বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রযুক্তি ও গেমিং সংস্কৃতির নানা দিককে এক মঞ্চে আনা এই আয়োজন ঘিরে ছিল তরুণদের ব্যাপক আগ্রহ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন এবং পিসি হেল্পলাইন বাংলাদেশের হেড অব অপারেশন অনন্য জামান। পুরস্কার বিতরণের আগে বিসিএস নেতৃবৃন্দ আয়োজনটির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রতিযোগিতার পাঁচটি বিভাগ
আয়োজনে মোট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফটো কনটেস্ট: এক্সপোতে অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির মধ্যে সর্বোচ্চ রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।
রিল কনটেস্ট: এক্সপো চলাকালীন প্রকাশিত রিল পোস্টের পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়।
পিসি ব্যাটেল: দেশের সবচেয়ে শক্তিশালী পিসি বিল্ড নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূল্যভিত্তিক পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় এবং কারিগরি দক্ষতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।
কিবোর্ড শোডাউন ও টাইপিং কনটেস্ট: কিবোর্ড বিল্ড ও মডিংয়ের জনপ্রিয়তা বিবেচনায় সেরা কিবোর্ড ব্যবহারকারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কসপ্লে কম্পিটিশন: প্রযুক্তি সংস্কৃতির সঙ্গে মিলিয়ে প্রথমবারের মতো ডিজিটাল এক্সপোতে যুক্ত হয় কসপ্লে বিভাগ। গেম ও পপ কালচারের জনপ্রিয় চরিত্রে রোল-প্লের মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেন, যা অনেকটা ‘যেমন খুশি তেমন সাজো’র আধুনিক রূপ।
উল্লেখ্য, ২৮ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এ দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ যৌথভাবে আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ওই চারদিনব্যাপী আয়োজনে ‘বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।