রোবট প্রযুক্তির ডেটা খাতে নতুন শক্তি গড়ছে দক্ষিণ কোরিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১৪:৪৭

রোবট প্রযুক্তির ডেটা খাতে নতুন শক্তি গড়ছে দক্ষিণ কোরিয়া
ছবি : টেকক্রাঞ্চ

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী বড় ধাপ হিসেবে বিবেচিত ‘ফিজিক্যাল এআই’ বা বাস্তব দুনিয়ায় চলমান রোবট প্রযুক্তিতে নতুন শক্তি গড়ে উঠছে দক্ষিণ কোরিয়ায়। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে রোবট শেখার জন্য প্রয়োজনীয় ডেটা অবকাঠামো, যেখানে দ্রুত বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এটি রোবট শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিউল ও সান হোসে ভিত্তিক স্টার্টআপ কনফিগ এই খাতে দ্রুত আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটি রোবটিক্স ফাউন্ডেশন মডেলের জন্য প্রয়োজনীয় ডেটা স্তর তৈরি করছে, যাতে রোবট আরও দক্ষভাবে শিখতে ও বাস্তবে কাজ করতে পারে। তাদের লক্ষ্য রোবট এআই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করা।

সম্প্রতি কনফিগ ২ কোটি ৭০ লাখ ডলারের সিড বিনিয়োগ পেয়েছে, যেখানে নেতৃত্ব দিয়েছে স্যামসাং ভেঞ্চার ইনভেস্টমেন্ট। এই রাউন্ডে কোম্পানিটির মূল্যায়ন দাঁড়িয়েছে ২০ কোটি ডলারের বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে।

এই বিনিয়োগে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর ভেঞ্চার শাখা। এর মধ্যে রয়েছে হুন্দাই মোটর, এলজি এবং এসকে টেলিকমের মার্কিন ভেঞ্চার ইউনিট। পাশাপাশি মিরায়ে অ্যাসেট ভেঞ্চারস, কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, জিএস ফিউচার্স, কাকাও ভেঞ্চারস এবং জেড ভেঞ্চারসও যুক্ত হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত কনফিগের প্রধান নির্বাহী মিনজুন সিও আগে মেটায় গবেষক এবং টুয়েলভল্যাবসের প্রধান বিজ্ঞানী ছিলেন। তার সঙ্গে রয়েছেন ওয়েমো, গুগল ও নেভারের অভিজ্ঞ সহ-প্রতিষ্ঠাতারা।

প্রতিষ্ঠানটির মূল চ্যালেঞ্জ হলো- রোবট শেখানোর জন্য মানসম্মত ডেটার অভাব। ভাষাভিত্তিক এআইয়ের ক্ষেত্রে ইন্টারনেট থেকে সহজে ডেটা পাওয়া গেলেও, রোবট শেখাতে বাস্তব পরিবেশে মানুষ ও যন্ত্রের মাধ্যমে ডেটা সংগ্রহ করতে হয়, যা ব্যয়বহুল ও জটিল।

কনফিগের প্রধান নির্বাহী বলেন, রোবট শেখাতে শুধু মডেল নয়, ডেটার ধরনও বদলাতে হয়। সঠিক রূপান্তর ছাড়া ডেটা ব্যবহার করা অনেকটা ভিন্ন ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার মতোই অকার্যকর।

এই কারণেই কনফিগ নিজেদের তুলনা করছে তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসির সঙ্গে। যেভাবে টিএসএমসি বড় প্রযুক্তি কোম্পানির জন্য চিপ তৈরি করে কিন্তু প্রতিযোগী হয় না, তেমনি কনফিগও রোবট এআই খাতে ডেটা সরবরাহকারী অবকাঠামো প্রতিষ্ঠান হতে চায়।

বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রাহকের মধ্যে রয়েছে বড় শিল্প প্রতিষ্ঠান, সিস্টেম ইন্টিগ্রেটর এবং কৃষি ও প্রতিরক্ষা খাতের কোম্পানি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে ফিজিক্যাল ইন্টেলিজেন্স, জেনারেলিস্ট এআই এবং স্কিল্ড এআই।

এখন পর্যন্ত কনফিগ ১ লাখ ঘণ্টার বেশি মানব-চালিত মুভমেন্ট ডেটা সংগ্রহ করেছে, যা এই খাতে অন্যতম বৃহৎ ডেটাসেট। প্রতিষ্ঠানটি সিউল ও ভিয়েতনামে প্রায় ৩০০ কর্মী নিয়ে ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করছে।

পরিকল্পনা অনুযায়ী, ডেটা সংগ্রহ ক্ষমতা ১০ লাখ ঘণ্টায় উন্নীত করা, ২০২৭ সালের মধ্যে বার্ষিক আয় ১ কোটি ডলারে পৌঁছানো এবং ক্লাউডভিত্তিক রোবট সেবা চালু করা হবে। এতে কোম্পানিগুলো আলাদা হার্ডওয়্যার ছাড়াই এআই মডেল ব্যবহার করতে পারবে।

রোবট প্রযুক্তির ডেটা অবকাঠামো খাতে কোরিয়ার এই বিনিয়োগ বৈশ্বিক রোবট এআই বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন