স্টারলিংক ইন্টারনেটে আস্থার সংকট, গতি ও সাপোর্টে হতাশা
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক একদিকে প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে, অন্যদিকে ব্যবহারকারীদের একটি অংশের জন্য হয়ে দাঁড়িয়েছে বড় ভোগান্তির কারণ।
সাম্প্রতি এক বিশ্লেষণে উঠে এসেছে শত শত অভিযোগের চিত্র, যেখানে সেবার মান ও গ্রাহক সহায়তা নিয়ে অসন্তোষ স্পষ্ট।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বিস্তারের সঙ্গে সেবার মান ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনে গত পাঁচ বছরে স্পেসএক্স বা তাদের স্টারলিংক ইন্টারনেট সেবাকে ঘিরে ৯০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। জনস্বার্থে তথ্য চেয়ে করা এক আবেদনের মাধ্যমে এসব নথি পাওয়া গেছে।
এই অভিযোগগুলোতে একদিকে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষের জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ নিশ্চিত করছে। অন্যদিকে ব্যবহারকারীদের বড় একটি অংশ সেবার গতি ও গ্রাহক সহায়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
অভিযোগকারীদের অনেকে জানিয়েছেন, ইন্টারনেটের গতি একেক সময় একেক রকম হয় এবং অনেক ক্ষেত্রে তা প্রত্যাশার চেয়ে কম। কেউ কেউ বলেছেন, প্রতিশ্রুত মানের সেবা তারা পাচ্ছেন না।
গ্রাহক সহায়তা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, সহায়তা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেউ কেউ বলেছেন, স্বয়ংক্রিয় বার্তা ছাড়া কার্যকর কোনো সহায়তা পাওয়া যায় না। আবার অনেকে ফোনে সরাসরি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথাও উল্লেখ করেছেন।
প্রায় ৩৬ শতাংশ অভিযোগে ‘সহায়তা’ এবং ২৮ শতাংশে ‘টিকিট’ শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়া বিলিং বা মূল্য পরিবর্তন এবং সংযোগ স্থাপনের সময়কার সমস্যাও অনেক অভিযোগে উঠে এসেছে। কিছু অভিযোগে মোবাইল নেটওয়ার্কের প্রভাব নিয়ে বিভ্রান্তিকর ধারণার কথাও উল্লেখ রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় স্টারলিংক সেবা বিস্তারে শত শত মিলিয়ন ডলার ভর্তুকি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সেবার মাধ্যমে বাড়িতে স্থাপিত টার্মিনাল ব্যবহার করে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়, ফলে ফাইবার স্থাপনের জটিলতা এড়ানো সম্ভব হয়।
এদিকে স্পেসএক্স স্টারলিংক সেবায় নতুন স্যাটেলাইট, উন্নত গ্রাউন্ড স্টেশন এবং সরাসরি মোবাইল সংযোগ সুবিধা চালুর পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতিও নিচ্ছে।
তবে নতুন পাওয়া এসব অভিযোগের নথি বলছে, দ্রুত বিস্তারের পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়ন এখন স্পেসএক্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র : ফাস্ট কোম্পানি