লিনাক্সের কমান্ড লাইন শেখার ৫ মজার গেম
লিনাক্সের কমান্ড লাইন শেখা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। তবে গেম ও অনলাইন চ্যালেঞ্জের মাধ্যমে মজার ছলে কমান্ড লাইন শেখা যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট হাউ-টু গিক এমন ৫টি বিনা মূল্যের গেম ও শিক্ষামূলক প্ল্যাটফর্মের তালিকা দিয়েছে।
দ্য ব্যান্ডিট (The Bandit)

নেটওয়ার্ক ও এসএসএইচ শেখার জন্য দ্য ব্যান্ডিট বেশ কার্যকর। প্রতিটি ধাপে এসএসএইচ ব্যবহার করে পরের সার্ভারে যেতে হয়। বিভিন্ন উপায়ে পাসওয়ার্ড খুঁজে বের করে পরবর্তী ধাপে যেতে হয়। শুরুতে সহজ কাজ থাকলেও পরে ফাইল তুলনা, ক্রন ও গিট রিপোজিটরি নিয়ে কাজ করতে হয়। মোট ৩৪টি ধাপে বিভিন্ন কমান্ড শেখার সুযোগ রয়েছে।
দ্য কমান্ড লাইন মার্ডারস (The Command Line Murders)

অপরাধের রহস্য সমাধানের মাধ্যমে কমান্ড লাইন শেখার সুযোগ দেয় এই গেম। গিটহাবে থাকা শত শত ফাইলের মধ্যে বিভিন্ন তথ্য খুঁজে বের করে খুনের রহস্য সমাধান করতে হয়। এতে ফাইলের মধ্যে চলাফেরা, তথ্য খোঁজা এবং প্রয়োজনীয় অংশ আলাদা করার দক্ষতা তৈরি হয়। নতুনদের জন্যও এটি উপযোগী।
কমান্ড চ্যালেঞ্জ (Command Challenge)

ব্রাউজারেই ব্যবহার করা যায় কমান্ড চ্যালেঞ্জ। এখানে একটি কৃত্রিম টার্মিনালে কমান্ড লিখে বিভিন্ন কাজ সম্পন্ন করতে হয়। শুরুতে ফাইল কপি বা মুছে ফেলার মতো সহজ কাজ থাকলেও ধীরে ধীরে চ্যালেঞ্জ কঠিন হয়। প্রতিটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে, ফলে একই কাজের বিভিন্ন পদ্ধতিও শেখা যায়।
লিনাক্স জার্নি (Linux Journey)

লিনাক্স জার্নি মূলত একটি ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক কোর্স। এতে ১৯টি মডিউলের মাধ্যমে গুরুত্বপূর্ণ লিনাক্স কমান্ড শেখানো হয়। প্রতিটি পাঠে উদাহরণ, অনুশীলন ও কুইজ রয়েছে। সিডি, হেল্প, ম্যান এবং তুলনামূলক কম পরিচিত হোয়াটইজ কমান্ডও এখানে শেখানো হয়। ল্যাবএক্স প্ল্যাটফর্মে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে অনুশীলনের সুযোগ রয়েছে। প্রতিদিন নির্দিষ্টসংখ্যক ল্যাব বিনা মূল্যে ব্যবহার করা যায়।
হ্যাকারর্যাঙ্ক লিনাক্স শেল (HackerRank Linux Shell)

শেল স্ক্রিপ্টিং শেখার জন্য হ্যাকারর্যাঙ্কের এই চ্যালেঞ্জগুলো বেশ কার্যকর। এখানে কাট, সর্ট, গ্রেপ ও অকের মতো কমান্ড শেখার পাশাপাশি ব্যাশের লুপ, তুলনা, শর্ত ও ফাংশন নিয়ে কাজ করতে হয়। ব্রাউজারেই স্ক্রিপ্ট লিখে চালিয়ে ফলাফল যাচাই করা যায়। একেবারে নতুনদের জন্য কিছুটা কঠিন হলেও শেল স্ক্রিপ্টিংয়ের অভিজ্ঞতা থাকলে দক্ষতা বাড়াতে এটি ভালো অনুশীলন হতে পারে।