তরুণদের দক্ষতা উন্নয়নে বাক্কোর ট্রেনিং ল্যাব চালু

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১৭:৪৩

তরুণদের দক্ষতা উন্নয়নে বাক্কোর ট্রেনিং ল্যাব চালু

বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৭ আগস্ট রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে ল্যাবটিতে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (এএসও) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণও শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইসিআইপি-বাক্কো প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে এসআইসিআইপি-বাক্কো প্রকল্পের সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহসভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক এবং পরিচালক সায়মা শওকত ও আব্দুল কাদের।

বাক্কো জানিয়েছে, ট্রেনিং ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিপিও ও আইটিইএস খাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

ল্যাবটিতে এএসও কোর্সের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তিনির্ভর বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান ও আউটসোর্সিংয়ের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাক্কো।

সরকারের এসআইসিআইপি প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ শিল্পের চাহিদা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মধ্যে দীর্ঘমেয়াদি সেতুবন্ধ তৈরি করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। একই সঙ্গে তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক আউটসোর্সিং ও ডিজিটাল সেবা খাতের সম্ভাবনার সঙ্গে যুক্ত করে দক্ষ ও আত্মনির্ভরশীল পেশাজীবী হিসেবে গড়ে তুলতে ট্রেনিং ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন