এআই প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকে বড় বিনিয়োগের পরিকল্পনা গুগলের

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৮

এআই প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকে বড় বিনিয়োগের পরিকল্পনা গুগলের
ছবি : রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে বড় বিনিয়োগে যাচ্ছে গুগল। প্রতিদ্বন্দ্বী হয়েও অংশীদারিত্ব গভীর করতে অ্যানথ্রপিকের পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট অ্যানথ্রপিকে সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপটির সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব আরও জোরদার করতে চায় তারা।

অ্যানথ্রপিক জানায়, প্রাথমিকভাবে ১০ বিলিয়ন ডলার নগদ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এতে কোম্পানিটির মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ৩৫০ বিলিয়ন ডলার। নির্ধারিত কর্মদক্ষতার লক্ষ্য পূরণ করতে পারলে অতিরিক্ত আরও ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

এর কয়েক দিন আগেই ই-কমার্স জায়ান্ট অ্যামাজন একই স্টার্টআপে সর্বোচ্চ ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। কোডিং-কেন্দ্রিক মডেল প্রশিক্ষণের কারণে অ্যানথ্রপিক ইতোমধ্যে এআই খাতে আলাদা অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির ‘ক্লড কোড’ টুল ডেভেলপারদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। চলতি মাসে তাদের বার্ষিক রাজস্ব প্রবাহ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা ২০২৫ সালের শেষে ছিল প্রায় ৯ বিলিয়ন ডলার।

গত ফেব্রুয়ারিতে ৩০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে অ্যানথ্রপিক, যেখানে কোম্পানিটির মূল্যায়ন দাঁড়ায় ৩৮০ বিলিয়ন ডলার। বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৮০০ বিলিয়ন ডলার মূল্যায়নের প্রস্তাবও পেয়েছে তারা।

কম্পিউটিং সক্ষমতার খোঁজে

‘ক্লড’ সিরিজের এআই মডেলের চাহিদা বাড়ায় বড় পরিসরে কম্পিউটিং সক্ষমতা বাড়াতে কাজ করছে অ্যানথ্রপিক। সম্প্রতি চিপ নির্মাতা ব্রডকম এবং ক্লাউড অবকাঠামো প্রতিষ্ঠান কোরউইভের সঙ্গে বহু বছরের চুক্তি করেছে তারা।

এ ছাড়া বছরের শেষ নাগাদ অ্যামাজনের চিপ ব্যবহার করে প্রায় ১ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার গড়ে তুলতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

চলতি বছরের শুরুতে অ্যানথ্রপিকের ‘কোওয়ার্কার’ এজেন্টের বিভিন্ন প্লাগ-ইন উন্মুক্ত হওয়ার পর উন্নত এআই টুলের প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব পড়ে বৈশ্বিক সফটওয়্যার খাতের শেয়ারবাজারেও।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন