কনজ্যুমার রিপোর্টসের মূল্যায়নে সাশ্রয়ী স্মার্টওয়াচ
কম দামে কার্যকর স্মার্টওয়াচের খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন চমক। নির্ভরযোগ্য প্রযুক্তি মূল্যায়ন সংস্থা কনজ্যুমার রিপোর্টসের সর্বশেষ পরীক্ষায় বাজেট সেগমেন্টে শীর্ষে উঠে এসেছে অ্যামাজফিট বিপ ৬। ফিটনেস ট্র্যাকিং থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ, সব মিলিয়ে এটি নজর কাড়ছে ব্যবহারকারীদের।
কনজ্যুমার রিপোর্টস ২০২৬ সালের সেরা অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচগুলো পরীক্ষা করে ফিচার, ফিটনেস সুবিধা এবং সামগ্রিক মানের ভিত্তিতে তালিকা প্রকাশ করে। সেই তালিকায় সবচেয়ে সাশ্রয়ী দামের সুপারিশ পাওয়া ডিভাইস হিসেবে জায়গা করে নেয় অ্যামাজফিট বিপ ৬। এটি আইফোনের সঙ্গেও ব্যবহার করা যায়।
৭৪ দশমিক ৯৯ মার্কিন ডলারের এই স্মার্টওয়াচে পাওয়া যায় প্রায় সাড়ে ১০ দিনের ব্যাটারি ব্যাকআপ। বাস্তব ফিটনেস পরিস্থিতিতে পরীক্ষার সময় এটি হার্ট রেটসহ বিভিন্ন স্বাস্থ্য সূচক নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম হয়েছে বলে জানায় পরীক্ষক দল।
তবে ডিভাইসটিতে অতিরিক্ত ফিচারের অভাব রয়েছে। এটি মূলত সময় দেখানো এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের কাজেই বেশি কার্যকর। দামী স্মার্টওয়াচের তুলনায় কম দামের মডেল হলেও দৈনন্দিন ব্যবহারে বড় কোনো পার্থক্য অনেক সময় চোখে পড়ে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। একটি জনপ্রিয় অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্মে পাঁচ হাজারের বেশি রিভিউয়ের ভিত্তিতে ডিভাইসটির গড় রেটিং ৪ দশমিক ৪ স্টার। অনেক ব্যবহারকারী একে দামী ব্র্যান্ডের স্মার্টওয়াচের সমমানের বা কখনো কখনো আরও নির্ভরযোগ্য বলেও মন্তব্য করেছেন।
তবে কিছু ব্যবহারকারী পানির নিচে ব্যবহারের ক্ষেত্রে এর সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। নিয়মিত সাঁতার কাটা ব্যবহারকারীদের জন্য এটি একটি বিবেচ্য বিষয় হতে পারে।
অন্যদিকে কম দামের স্মার্টওয়াচের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়েও আলোচনা রয়েছে। অনলাইন আলোচনায় কিছু ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে, কম দামের ডিভাইসগুলো কখনো কখনো ব্যবহারকারীর স্বাস্থ্য তথ্য ব্যবসায়িকভাবে ব্যবহার হতে পারে। যদিও নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তারা কোনো ব্যবহারকারীর তথ্য বিক্রি করে না।
বিভিন্ন অনলাইন রিভিউ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও তথ্য অপব্যবহারের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
কনজ্যুমার রিপোর্টসের সুপারিশে অ্যামাজফিট বিপ ৬ এখন বাজেট স্মার্টওয়াচ বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।