সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা বেড়েছে আট গুণ, শীর্ষে ফেসবুক

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা বেড়েছে আট গুণ, শীর্ষে ফেসবুক
ছবি : টেকক্রাঞ্চ

সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু যোগাযোগের প্ল্যাটফর্ম নয়, প্রতারণার বড় ক্ষেত্রেও পরিণত হয়েছে। আকর্ষণীয় বিজ্ঞাপন, বন্ধুত্বের প্রস্তাব বা বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে প্রতারক চক্র। অল্প সময়েই হারিয়ে যাচ্ছে বিপুল অর্থ। নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই প্রবণতা।

মার্কিন ফেডারেল ট্রেড কমিশন-এর তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ভোক্তারা সামাজিক মাধ্যমভিত্তিক প্রতারণায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার হারিয়েছেন। সংস্থাটি বলছে, এই ধরনের প্রতারণা গত কয়েক বছরে আট গুণ বেড়েছে। প্রতারকদের যোগাযোগের অন্যান্য পদ্ধতির তুলনায় সামাজিক মাধ্যমেই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

প্রতারণার শিকারদের প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন, তাদের সঙ্গে প্রথম যোগাযোগ হয়েছিল সামাজিক মাধ্যমের মাধ্যমেই। প্ল্যাটফর্মভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুক-কে ঘিরে। এর পরের অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। শুধু ফেসবুক থেকেই হওয়া প্রতারণায় ক্ষতির পরিমাণ টেক্সট বার্তা বা ই-মেইলভিত্তিক প্রতারণার চেয়েও বেশি।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ঘটেছে অনলাইন কেনাকাটার প্রতারণা। ৪০ শতাংশের বেশি ভুক্তভোগী জানিয়েছেন, বিজ্ঞাপনে পণ্য দেখে তারা অর্ডার করেছিলেন। এসব পণ্যের মধ্যে ছিল পোশাক, প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ এমনকি পোষা প্রাণীও। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের অপরিচিত ওয়েবসাইটে নেওয়া হয়েছে, আবার কখনো পরিচিত ব্র্যান্ডের নামে ভুয়া সাইট তৈরি করে বড় ছাড়ের প্রলোভন দেখানো হয়েছে।

বিনিয়োগসংক্রান্ত প্রতারণাও উদ্বেগজনক হারে বেড়েছে। বিজ্ঞাপন বা পোস্টের মাধ্যমে বিনিয়োগ শেখানোর কথা বলে ব্যবহারকারীদের আকৃষ্ট করা হয়। পরে ভুয়া উপদেষ্টা সেজে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মিথ্যা সাফল্যের গল্প দেখানো হয়। এসব প্রতারণায় একাই ১ দশমিক ১ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

এ ছাড়া প্রেমের সম্পর্কের ফাঁদ পেতেও সামাজিক মাধ্যম ব্যবহার করছে প্রতারকরা। ২০২৫ সালে এ ধরনের প্রতারণার শিকারদের প্রায় ৬০ শতাংশ জানিয়েছেন, তাদের পরিচয় শুরু হয়েছিল সামাজিক মাধ্যমেই। প্রতারকরা সাধারণত ভুক্তভোগীর প্রোফাইল দেখে সম্পর্ক গড়ে তোলে। পরে কোনো জরুরি সমস্যার কথা বলে টাকা দাবি করে। অনেক সময় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ভুয়া প্ল্যাটফর্মে নেওয়া হয়।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কিছু পরামর্শ দিয়েছে ফেডারেল ট্রেড কমিশন। ব্যবহারকারীদের পোস্ট ও ব্যক্তিগত তথ্য কারা দেখতে পারবে, তা সীমিত রাখার কথা বলা হয়েছে। অনলাইনে পরিচিত কারও কথায় বিনিয়োগ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি কোনো পণ্য কেনার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া এবং নামের সঙ্গে ‘স্ক্যাম’ বা ‘কমপ্লেইন’ লিখে অনুসন্ধান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন