কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নামছে অ্যাপল, নতুন রূপে সাজছে সিরি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:১৩

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নামছে অ্যাপল, নতুন রূপে সাজছে সিরি
ছবি : সংগৃহীত

প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়। সেই দৌড়ে পিছিয়ে না থাকতে বড় প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। সামনে ডব্লিউডব্লিউডিসি ২০২৬ ঘিরে নতুন সফটওয়্যার ও স্মার্ট সহকারী সিরির বড় পরিবর্তনের আভাস মিলছে। তরুণ ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই আয়োজন।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আগামী ৮ জুন আয়োজন করতে যাচ্ছে তাদের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স বা ডব্লিউডব্লিউডিসি ২০২৬। অন্যান্য যন্ত্র উন্মোচন অনুষ্ঠানের তুলনায় এই আয়োজনটি সফটওয়্যারকেন্দ্রিক। প্রতি বছরের মতো এবারও আইফোন, ম্যাক ও আইপ্যাডের জন্য নতুন অপারেটিং সিস্টেম উন্মোচনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশলও তুলে ধরা হতে পারে।

সম্প্রতি এক অনুষ্ঠানে আইফোন ১৭ই, ম্যাকবুক নিও ও আইপ্যাড এয়ারের হালনাগাদ সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। তবে ডব্লিউডব্লিউডিসি মূলত সফটওয়্যার উদ্ভাবন ও ডেভেলপারদের জন্য দিকনির্দেশনা দেওয়ার মঞ্চ হিসেবে পরিচিত। তাই এবারের সম্মেলনেও প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।

নতুন রূপে সিরি

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে ওপেনএআই ও গুগলের মতো প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। এই প্রতিযোগিতায় অ্যাপল তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে বলে মনে করা হয়। সেই অবস্থান বদলাতে সিরিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ডব্লিউডব্লিউডিসি ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন সিরি চ্যাটবট উন্মোচনের জোর সম্ভাবনা রয়েছে। নতুন এই সিরি আগের তুলনায় অনেক বেশি কথোপকথন সক্ষম হবে। ব্যবহারকারীর প্রশ্ন বুঝে স্বাভাবিকভাবে উত্তর দেওয়ার পাশাপাশি জটিল কাজও করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন সিরি ক্লড ও চ্যাটজিপিটির মতো আধুনিক সহকারীদের সঙ্গে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা পেতে পারে। এ ছাড়া গুগলের জেমিনি প্রযুক্তির সহায়তাও নেওয়া হতে পারে। এই সংস্করণটি ভবিষ্যতের কোনো সফটওয়্যার হালনাগাদের অংশ হিসেবে, সম্ভবত আইওএস ২৭-এর সঙ্গে যুক্ত হতে পারে।

আইওএস ২৭-এ গুরুত্ব কর্মক্ষমতায়

গত বছরের সম্মেলনে আইওএস ২৬ উন্মোচনের সময় লিকুইড গ্লাস নকশা বেশ আলোচনায় আসে। এবার আইওএস ২৭-এ বড় ধরনের নকশা পরিবর্তনের বদলে কর্মক্ষমতা উন্নয়নে বেশি জোর দেওয়া হতে পারে।

ব্যবহার আরও দ্রুত ও মসৃণ করা, ব্যাটারি ব্যবস্থাপনা উন্নত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধা যুক্ত করার দিকেই মনোযোগ থাকতে পারে। তরুণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করাই হবে এর প্রধান লক্ষ্য।

ম্যাকওএস ২৭-এ বড় পরিবর্তন

ম্যাক কম্পিউটারের জন্য ম্যাকওএস ২৭-এ আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। গুঞ্জন রয়েছে, নতুন এই সংস্করণে শুধু অ্যাপল সিলিকন প্রসেসরযুক্ত যন্ত্রই সমর্থন পাবে। অর্থাৎ এম১ বা এর পরের সংস্করণ ছাড়া পুরোনো ইন্টেলভিত্তিক ম্যাক আর সমর্থন পাবে না।

তবে রোসেটা ২ সুবিধা চালু থাকবে। ফলে ইন্টেলভিত্তিক অ্যাপ নতুন প্রসেসরেও চালানো যাবে। পাশাপাশি টাইম ক্যাপসুল ও এয়ারপোর্ট ডিস্কের মতো পুরোনো হার্ডওয়্যারের সমর্থন বন্ধ হতে পারে, যা আগে টাইম মেশিন ব্যাকআপে ব্যবহৃত হতো।

সীমিত সুযোগে অংশগ্রহণ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬ অনুষ্ঠিত হবে অ্যাপল পার্কে। তবে সীমিত আসনের কারণে অংশগ্রহণকারীদের লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে।

নির্বাচিতরা উদ্বোধনী অনুষ্ঠান, প্ল্যাটফর্ম স্টেট অব দ্য ইউনিয়ন, অ্যাপল পার্ক পরিদর্শন ও নৈশভোজে অংশ নিতে পারবেন। পাশাপাশি অ্যাপলের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও থাকবে, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।

সূত্র : ইন্ডিয়া টুডে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন