কোন প্রযুক্তির ফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে থাকা মোবাইল ফোনের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, তার হাতে এমন একটি ফোন, যা সাধারণত চোখে পড়ে না। নেটিজেনদের মধ্যে ছবিটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনলাইন অনুসন্ধানে জানা গেছে, প্রধানমন্ত্রীর হাতে থাকা ফোনটি সিরিন ল্যাবসের তৈরি ‘সিরিন ফ্যানি’ মডেলের একটি ব্লকচেইনভিত্তিক স্মার্টফোন। এটি বাজারে আসে ২০১৮ সালের মে মাসে এবং প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায়। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর এবং সিরিন ল্যাবসের নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
ফোনটির মূল বৈশিষ্ট্য হলো- তথ্য নিরাপত্তা। সিরিন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর তথ্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। ব্লকচেইন প্রযুক্তির কারণে ফোনের তথ্য বিকৃত হওয়ার সম্ভাবনা নেই।
সিরিন ফ্যানি ফোনে দুটি স্ক্রিন রয়েছে। ফোন ব্যবহার করতে হলে ব্যবহারকারীর ব্যক্তিগত পাসওয়ার্ড বা গোপন নম্বরের সঙ্গে এই স্ক্রিনের তথ্য মিল থাকা আবশ্যক। ফোনের উপরের স্ক্রিনটি আলাদাভাবে বের হয়ে আসে।
ফোনটিতে কোল্ড স্টোরেজ ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটও রয়েছে। এটি ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ও ইন্টারনেট থেকে আলাদা। ফোনে থাকা TCS (টোকেন কনভার্শন সার্ভিস) ব্যবহারকারীদের অনলাইনে বাড়তি নিরাপত্তা দেয়।
সিরিন ল্যাবসের এই ধরনের ফোনের দাম সাধারণত ৯৯৯ থেকে ৩৫০০ ডলার পর্যন্ত। বর্তমানে বাজারে নতুন ফোন পাওয়া যায় খুব কম, তবে আন্তর্জাতিক মানের কিছু অনলাইনে ফোনটি পাওয়া যায়।
প্রধানমন্ত্রীর হাতে থাকা এই বিশেষ নিরাপত্তা ফোনটি ব্লকচেইন প্রযুক্তি ও ক্রিপ্টো সুবিধার জন্য পরিচিত। এর ভাইরাল হওয়া ছবিটি অনলাইন ব্যবহারকারীদের মধ্যে আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।
তথ্য ও ছবি: অনলাইন থেকে সংগৃহীত