ভারতে এআইনির্ভর বাণিজ্যে ওপেনএআই’র নতুন অধ্যায়
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বাণিজ্যকে আরও দ্রুত করতে নতুন অংশীদারিত্ব করেছে ওপেনএআই। দেশটির ফিনটেক প্রতিষ্ঠান পাইন ল্যাবস-এর সঙ্গে যৌথভাবে কাজ করে পেমেন্ট ও বাণিজ্য ব্যবস্থায় এআই প্রযুক্তি সংযুক্ত করছে। এতে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন, সেটেলমেন্ট এবং ইনভয়েসিংয়ের কাজ করা সম্ভব হবে।
পাইন ল্যাবস তাদের পেমেন্ট সিস্টেমের সঙ্গে ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই যুক্ত করবে। ফলে ব্যবসায়ী ও করপোরেট ক্লায়েন্টদের জন্য এআইনির্ভর কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে। প্রতিষ্ঠান দুটি বলেছে, এটি ভারতের এআইনির্ভর বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।
ভারত বর্তমানে প্রয়োগভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বৈশ্বিক কেন্দ্র হিসেবে নিজেকে তুলে ধরছে। এমন সময়ে এই অংশীদারিত্ব ওপেনএআইয়ের জন্য নতুন সম্ভাবনার পথ খুলেছে। প্রতিষ্ঠানটি শুধু চ্যাটজিপিটির নির্মাতা হিসেবে পরিচিত নয়, শিক্ষা, ব্যবসা ও অবকাঠামো খাতেও তাদের প্রযুক্তি বিস্তার করছে।
এর আগে ওপেনএআই ভারতের শীর্ষ প্রকৌশল, চিকিৎসা ও নকশা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। উচ্চশিক্ষায় এআই সরঞ্জাম ব্যবহারের উদ্যোগও নিয়েছে তারা। বিশাল ডেভেলপার সম্প্রদায় এবং এক বিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী থাকায় ভারত এআই গ্রহণের পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাইন ল্যাবস ইতোমধ্যে তাদের অভ্যন্তরীণ কাজেও এআই ব্যবহার করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বি অমরিশ রাউ জানিয়েছেন, আগে প্রতিদিনের লেনদেন যাচাই করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। এখন এআই ব্যবহারে তা কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়। আগে বহু কর্মী ব্যাংক থেকে অর্থ যাচাই করতেন। এখন প্রক্রিয়ার বড় অংশই এআইনির্ভর সিস্টেম করছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যবহারের বাইরে ব্যবসায়ী ও করপোরেট ক্লায়েন্টদের জন্য সুবিধা বাড়ানো হবে। প্রথমে ব্যবসা-টু-ব্যবসা ক্ষেত্রে ইনভয়েস প্রসেসিং, সেটেলমেন্ট ও পেমেন্ট অর্কেস্ট্রেশনে জোর দেওয়া হবে। রাউ বলেছেন,‘পুনরাবৃত্তিমূলক আর্থিক কাজ এআই এজেন্ট সহজে সামলাতে পারে। তাই এই খাতে দ্রুত গ্রহণযোগ্যতা বাড়বে।’
বিদেশি বাজারে স্বয়ংক্রিয় এআইনির্ভর পেমেন্ট দ্রুত চালু হতে পারে। তবে ভারতে নিয়মকানুন কঠোর। তাই ধীরে ধীরে এআই সহায়ক বাণিজ্য চালু হবে।
পাইন ল্যাবস বর্তমানে ৯ লাখ ৮০ হাজারের বেশি ব্যবসায়ী, ৭১৬ ভোক্তা ব্র্যান্ড এবং ১৭৭ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি গত বছর প্রকাশিত তথ্য অনুযায়ী ৬শ’ কোটির বেশি লেনদেন প্রক্রিয়া করেছে। মোট লেনদেনের মূল্য প্রায় ১১ দশমিক ৪ ট্রিলিয়ন রুপি।
এই অংশীদারিত্বে রাজস্ব ভাগাভাগি নেই। পেমেন্ট সংক্রান্ত সুবিধা পাইন ল্যাবস পাবে, ওপেনএআই তাদের নিজস্ব আয় পাবে। চুক্তিটি একচেটিয়া নয়। ভবিষ্যতে পাইন ল্যাবস অন্যান্য এআই পরিষেবা প্রদানকারীর সঙ্গেও কাজ করতে পারবে।
এআইনির্ভর পেমেন্ট ব্যবস্থায় নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবেদনশীল লেনদেনের তথ্য নিরাপদ রাখতে বিশেষ নজর দেওয়া হবে।
ঘোষণা এসেছে দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটের সময়। সেখানে ওপেনএআই, আনথ্রোপিক ও গুগলসহ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ভারতীয় স্টার্টআপরা এআইয়ের নতুন ব্যবহার প্রদর্শন করছে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ নানা খাতে বড় পরিসরে এআই প্রয়োগের পরিকল্পনা দেখানো হচ্ছে।
সূত্র : টেকক্রাঞ্চ