তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন
বরিশাল-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
জহির উদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন জ্যেষ্ঠ নেতা। তিনি দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং মিডিয়া সেলের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক ও বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি)-এর পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতিতে তার পথচলা দীর্ঘদিনের। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ১২৯টি কেন্দ্রের ফলাফলে তিনি ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ৬০ ভোট।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জহির উদ্দিন স্বপন দলের মিডিয়া ও কৌশলগত কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দলের নীতি ও রাজনৈতিক সিদ্ধান্ত প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপন দেশের তথ্য ও সম্প্রচার খাতের নীতি নির্ধারণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।