মার্চে অ্যাপলের বিশেষ আয়োজন, আসতে পারে একাধিক নতুন ডিভাইস
বিশ্ব প্রযুক্তি অঙ্গনে আবারও আলোচনায় অ্যাপল। আগামী ৪ মার্চ বিশেষ আয়োজন করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। নতুন ম্যাকবুক, আইপ্যাড ও আইফোন উন্মোচনের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তরুণ প্রযুক্তিপ্রেমীদের নজর এখন এই ঘোষণার দিকে।
আগামী ৪ মার্চ নিউইয়র্ক শহরে স্থানীয় সময় সকাল ৯টায় একটি বিশেষ ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানের আয়োজন করবে প্রতিষ্ঠানটি। সাধারণত অ্যাপল পার্কে তাদের বড় অনুষ্ঠান হয়। তবে এবার নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে। একই সময় লন্ডন ও সাংহাই শহরেও গণমাধ্যম প্রতিনিধিদের জন্য আলাদা আয়োজন থাকবে।
আমন্ত্রণপত্রে ‘ইউ আর ইনভাইটেড’ লেখা এবং হলুদ, সবুজ ও নীল রঙের খণ্ডচক্রে সাজানো অ্যাপল লোগো ব্যবহার করা হয়েছে। এই রংগুলো নতুন স্বল্পমূল্যের ম্যাকবুকের সম্ভাব্য রং বলে গুঞ্জন রয়েছে। তবে আমন্ত্রণপত্রে আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সরাসরি কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এ আয়োজনে একাধিক নতুন পণ্য উন্মোচন হতে পারে। এর মধ্যে থাকতে পারে এ-১৮ প্রো চিপচালিত স্বল্পমূল্যের নতুন ম্যাকবুক। পাশাপাশি নতুন ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো ও ম্যাক ডিসপ্লে বাজারে আসার সম্ভাবনাও রয়েছে। নতুন আইফোন ১৭ই, বেস মডেলের নতুন আইপ্যাড এবং এম-৪ চিপযুক্ত আইপ্যাড এয়ারও উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাযুক্ত নতুন সিরির ঝলকও দেখাতে পারে অ্যাপল। এতে ভবিষ্যতের ভয়েস সহকারী প্রযুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে।
অ্যাপলের এই আয়োজন স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত বড় মোবাইল বিশ্ব কংগ্রেস প্রদর্শনীর সময়েই হচ্ছে। প্রদর্শনীটি চলবে ২ থেকে ৫ মার্চ পর্যন্ত। ফলে বিশ্ব প্রযুক্তি অঙ্গনে একই সময়ে একাধিক বড় ঘোষণা আসতে পারে।
নতুন পণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার সম্ভাবনায় প্রযুক্তিপ্রেমী তরুণদের আগ্রহ এখন তুঙ্গে। ৪ মার্চের এই বিশেষ আয়োজনেই মিলতে পারে অ্যাপলের পরবর্তী চমকের সব উত্তর।
সূত্র : দ্য ভার্জ
টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন