ফেস আইডি দিয়ে দরজা খোলার নতুন প্রযুক্তি স্মার্ট লকে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৭ মে ২০২৬, ১৬:০৫

ফেস আইডি দিয়ে দরজা খোলার নতুন প্রযুক্তি স্মার্ট লকে
ছবি : সিনেট

স্মার্ট হোম প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ হয়েছে এমন এক স্মার্ট লকের মাধ্যমে, যেখানে ফেস আইডি ব্যবহার করে মুখ শনাক্ত করেই দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত ও নিরাপদ প্রবেশের সুযোগ তৈরি করবে বলে দাবি করা হয়েছে।

নতুন স্মার্ট লক সিরিজে রয়েছে ‘লক ভিশন’ এবং ‘লক ভিশন প্রো’ মডেল, যার দাম যথাক্রমে প্রায় ১৭০ ডলার এবং ২৩০ ডলার। এতে থ্রিডি স্ট্রাকচার্ড-লাইট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, ২০ হাজার ইনফ্রারেড পয়েন্ট দিয়ে মুখের ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করা হয়, যা মিলিমিটার পর্যায়ের নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করে।

প্রতিষ্ঠানটির দাবি, এই সিস্টেম মাত্র এক সেকেন্ডের মধ্যে দরজা খুলতে সক্ষম এবং ছবি বা ভিডিও ব্যবহার করে প্রতারণার চেষ্টা প্রতিরোধ করতে পারে। পাশাপাশি ব্যবহারকারী চশমা, টুপি, পরচুলা বা মেকআপ ব্যবহার করলেও এটি কার্যকরভাবে কাজ করবে

প্রো সংস্করণে ফেস রিকগনিশনের পাশাপাশি পাম ভেইন স্ক্যানিং ও সেমিকন্ডাক্টর ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া অ্যাপ নিয়ন্ত্রণ, এনএফসি, পাসওয়ার্ড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্টওয়াচ কন্ট্রোল, জিওফেন্সিংভিত্তিক অটো আনলক এবং ফিজিক্যাল কী ব্যবহারের সুবিধাও রয়েছে।

ডিভাইসটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে প্রায় ১২ মাস পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। জরুরি অবস্থায় অতিরিক্ত ব্যাটারি এবং ইউএসবি-সি পোর্টের মাধ্যমে সাময়িকভাবে দরজা খোলা সম্ভব, তবে এটি ব্যাটারি চার্জ করে না। পুরো ডিভাইসটি আইপি৫৬ রেটিং অনুযায়ী পানি ও ধুলা প্রতিরোধী এবং এতে ট্যাম্পার অ্যালার্ট, জোরপূর্বক খোলার চেষ্টা শনাক্তকরণ এবং একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর অটো লকআউটের মতো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

কোম্পানির দাবি অনুযায়ী, সব বায়োমেট্রিক তথ্য ডিভাইসের ভেতরেই এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হয়। এটি এএনইএস-১২৮ এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে সুরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি এটি ম্যাটার ওভার ওয়াই-ফাই সাপোর্ট করে, ফলে আলাদা হাব ছাড়াই বিভিন্ন স্মার্ট হোম ইকোসিস্টেমের সঙ্গে সরাসরি যুক্ত করা যায়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন