অ্যাপলের ‘অ-ড্রপিং’ ইভেন্টে উন্মোচিত হলো আইফোন ১৭ সিরিজ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪

অ্যাপলের ‘অ-ড্রপিং’ ইভেন্টে উন্মোচিত হলো আইফোন ১৭ সিরিজ

অ্যাপলের সেপ্টেম্বরের বহুল আলোচিত বার্ষিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছিল— ‘অ-ড্রপিং’। বরাবরের মতো এবারের অনুষ্ঠানও প্রযুক্তি বিশ্বের নজর কাড়ে।

নতুন আইফোন সিরিজ ছাড়াও এসেছে স্মার্টওয়াচ, এয়ারপডস ও ভিডিও এডিটিং সফটওয়্যারে বড় ধরনের আপডেট। তবে সব কিছুর কেন্দ্রে ছিল নতুন আইফোন ১৭ সিরিজ।

চার মডেলের নতুন আইফোন

এবারও অ্যাপল একসঙ্গে চারটি মডেল বাজারে আনছে— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। প্রতিটি মডেলেই থাকছে আলাদা বৈশিষ্ট্য।

স্ট্যান্ডার্ড আইফোন ১৭ 

৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লের সঙ্গে যুক্ত হয়েছে প্রোমোশন প্রযুক্তি, অর্থাৎ ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সর্বোচ্চ ৩,০০০ নিটস ব্রাইটনেস থাকায় সরাসরি রোদেও স্ক্রিন দেখা যাবে পরিষ্কারভাবে। অলওয়েজ–অন ডিসপ্লে ও নতুন সেরামিক শিল্ড ২ যুক্ত হওয়ায় ফোনটি আগের চেয়ে তিন গুণ বেশি আঁচড় প্রতিরোধী। ক্যামেরায় এসেছে বড় পরিবর্তন— ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ফিউশন সিস্টেম ও ১৮ মেগাপিক্সেল ‘সেন্টার স্টেজ’ সেলফি ক্যামেরা। শক্তি জোগাবে সর্বশেষ A19 চিপ।

আইফোন ১৭ এয়ার: সবচেয়ে পাতলা আইফোন 

মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের কারণে আইফোন ১৭ এয়ারকে বলা হচ্ছে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা আইফোন। ফ্রেমে ব্যবহৃত হয়েছে টাইটানিয়াম গ্রেড–৫। ৬.৫ ইঞ্চির প্রোমোশন ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছাড়াও এতে থাকছে A19 Pro চিপ ও অতিরিক্ত দুটি সহায়ক চিপসেট (N1 ও C1X), যা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজকে আরও দ্রুত করবে।

প্রো ও প্রো ম্যাক্স: পেশাদারদের জন্য 

উচ্চমানের ভিডিও ও ছবি তোলার জন্যই আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স তৈরি। এবার যুক্ত হয়েছে নতুন অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন ও ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, যা ফোনকে কম গরম করবে এবং ব্যাটারির আয়ু বাড়াবে। ক্যামেরায় থাকছে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন লেন্স— এর মধ্যে রয়েছে ৮ গুণ অপটিক্যাল জুম টেলিফটো। ভিডিওগ্রাফারদের জন্য রয়েছে ProRes RAW, Apple Log 2 এবং Genlock সাপোর্ট। ডিসপ্লের আকার যথাক্রমে ৬.৩ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি।

দাম ও বাজারে আসার সময়

আইফোন ১৭-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৭ এয়ার পাওয়া যাবে ৯৯৯ ডলারে, আইফোন ১৭ প্রো ১,০৯৯ ডলারে এবং প্রো ম্যাক্স ১,১৯৯ ডলার থেকে। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেওয়া হবে এবং ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে মিলবে নতুন সিরিজ।

স্মার্টওয়াচ ও এয়ারপডসে চমক

শুধু আইফোনই নয়, এবার স্মার্টওয়াচ ও এয়ারপডসেও এসেছে নতুনত্ব।

  • অ্যাপল ওয়াচ আলট্রা ৩: স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট থাকায় অফলাইন অবস্থায়ও জরুরি বার্তা পাঠানো ও লোকেশন শেয়ার করা যাবে। ব্যাটারি চলবে সর্বোচ্চ ৭২ ঘণ্টা।
  • অ্যাপল ওয়াচ সিরিজ ১১ ও ওয়াচ এসই ৩: স্বাস্থ্য ফিচারে যোগ হয়েছে হাই ব্লাড প্রেসার নোটিফিকেশন।
  • এয়ারপডস প্রো ৩: উন্নত নয়েজ ক্যানসেলেশন, হার্ট রেট মনিটরিং এবং লাইভ ট্রান্সলেশন ফিচার থাকছে, যা এক ভাষা থেকে আরেক ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে দেবে।

ভিডিও নির্মাতাদের জন্য নতুন সফটওয়্যার

অ্যাপল উন্মোচন করেছে ফাইনাল কাট ক্যামেরা ২.০। এতে যুক্ত হয়েছে ProRes RAW, Genlock, Open Gate Recording ও টাইম কোড ফিচার। বিশেষ করে আইফোন ১৭ প্রো সিরিজের জন্য এটি হবে আরও কার্যকর।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এবারের আয়োজন প্রমাণ করেছে যে অ্যাপল শুধুই হার্ডওয়্যার নয়, সফটওয়্যার ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও সমান গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে পাতলা আইফোন ১৭ এয়ার ও ভিডিওগ্রাফারদের জন্য প্রো সিরিজ বাজারে নতুন মাত্রা যোগ করবে।