এআই দিয়ে তৈরি খাবারের ছবিতে যে কারণে হারিয়ে যাচ্ছে বৈচিত্র্য

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪

এআই দিয়ে তৈরি খাবারের ছবিতে যে কারণে হারিয়ে যাচ্ছে বৈচিত্র্য

রেস্তোরাঁর মেনুতে খাবারের ছবি তৈরি ও সাজাতে জেনারেটিভ এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এসব ছবিতে খাবার প্রায়ই অতিরিক্ত নিখুঁত, মসৃণ ও একই ধরনের দেখায়। বিশেষজ্ঞদের মতে, এআই মডেলের প্রশিক্ষণ পদ্ধতিই খাবারের ছবিতে এমন একঘেয়েমি তৈরির অন্যতম কারণ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এআই দিয়ে তৈরি মেনুর ছবি প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও ভালোভাবে দেখলে অস্বাভাবিকতা চোখে পড়ে। কখনো বার্গারের উপকরণ অস্বাভাবিকভাবে গোল ও মসৃণ দেখায়, যা ছবিকে বাস্তব খাবারের বদলে কৃত্রিম বলে মনে করায়।

এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত কনটেন্ট শনাক্ত ও যাচাই করার প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলিটি ডিফেন্ডারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালেক্স লিসলের মতে, এআই মডেল বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন ধরন শিখে নতুন ছবি তৈরি করে। ফলে ফাস্টফুড রেস্তোরাঁর মেনু তৈরির নির্দেশনা দিলে ওয়েন্ডিস, বার্গার কিং বা ম্যাকডোনাল্ডসের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের মেনু থেকে শেখা একই ধরনের নকশা ও উপস্থাপনা উঠে আসতে পারে।

কোনো মডেল বারবার নিজের তৈরি কনটেন্টের ওপর প্রশিক্ষিত হলে ‘মডেল কলাপস’-এর ঝুঁকি থাকে। তবে লিসলের মতে, খাবারের ছবিতে দেখা এই একঘেয়েমিকে সরাসরি মডেল কলাপস না বলে ‘কনভার্জেন্স’ বলা যায়, যা এআইয়ের ফলাফলের বৈচিত্র্য ও মান কমিয়ে দিতে পারে।

একই মেনুতে এআই দিয়ে বারবার ছোটখাটো পরিবর্তন করলেও খাবারের ছবিতে অস্বাভাবিকতা বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ব্যবহারকারী চ্যাটজিপিটিতে তৈরি একটি মেনু ১০০ বার সম্পাদনা করে দেখেছেন, প্রতিবার পরিবর্তনের পর খাবারের ছবিগুলো আরও গোল ও মসৃণ হয়ে উঠছে। টেকক্রাঞ্চও একই পরীক্ষা করে কাছাকাছি ফল পেয়েছে।

জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন, বাস্তবের কাছাকাছি দেখতে এআই দিয়ে তৈরি খাবারের ছবিতে ‘আনক্যানি ভ্যালি’ ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অর্থাৎ ছবি বাস্তবের যত কাছাকাছি যায়, সামান্য অস্বাভাবিকতাও মানুষের মধ্যে তত বেশি অস্বস্তি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এলন ইউনিভার্সিটির ইমাজিনিং দ্য ডিজিটাল ফিউচার সেন্টারের পরিচালক লি রেইনির মতে, মানুষের কাছে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য কনটেন্ট তৈরির প্রবণতায় এআই ছবির স্বাতন্ত্র্য কমিয়ে দিতে পারে। ফলে খাবারের ছবিতেও তৈরি হচ্ছে একই ধরনের চেহারা

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা শুধু মেনুর ক্ষেত্রেই নয়, এআই যুগে কোন ছবি বা কনটেন্ট বাস্তব তা শনাক্ত করার ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ তৈরি করছে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন