ফোনের লক স্ক্রিনে নিজের যে তথ্য রাখা জরুরি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮

ফোনের লক স্ক্রিনে নিজের যে তথ্য রাখা জরুরি

জরুরি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনার পর কথা বলার মতো অবস্থায় না থাকলে চিকিৎসাকর্মীদের কাছে রোগীর গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তবে স্মার্টফোনে কিছু তথ্য এমনভাবে সংরক্ষণ করা যায়, যা ফোন লক থাকলেও দেখা সম্ভব। মাত্র কয়েক মিনিটের এই সেটআপ জরুরি সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইফোনে জরুরি চিকিৎসা তথ্য যুক্ত করবেন যেভাবে

আইফোনে ‘মেডিকেল আইডি’ সুবিধার মাধ্যমে জরুরি চিকিৎসা তথ্য সংরক্ষণ করা যায়। এটি খোলার তিনটি উপায় রয়েছে। অ্যাপল হেলথ অ্যাপে দীর্ঘক্ষণ চাপ দিয়ে ‘মেডিকেল আইডি’ নির্বাচন করা যায়। এ ছাড়া হেলথ অ্যাপ খুলে নিজের প্রোফাইল ছবিতে চাপ দিয়ে ‘মেডিকেল আইডি’ নির্বাচন করা যায়। সেটিংস থেকেও ‘অ্যাপস’, ‘হেলথ’ এবং এরপর ‘মেডিকেল আইডি’তে গিয়ে সুবিধাটি খোলা যাবে।

ওষুধ ও অ্যালার্জির তথ্য লিখুন

‘মেডিকেল আইডি’ খুলে ‘এডিট’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য যোগ করতে হবে। নিয়মিত কোনো ওষুধ না খেলে বা কোনো ওষুধে অ্যালার্জি না থাকলে সংশ্লিষ্ট ঘরে ‘নেই’ বা ‘জানা নেই’ লিখে রাখা ভালো। এতে চিকিৎসাকর্মীরা বুঝতে পারবেন যে তথ্যটি বাদ দেওয়া হয়নি

জরুরি যোগাযোগের জন্য কেবল ফোনের কনট্যাক্টসে থাকা ব্যক্তির নাম ও ফোন নম্বর নির্বাচন করা যায়। তাই যাকে জরুরি যোগাযোগের ব্যক্তি হিসেবে রাখতে চান, তার নম্বর আগে থেকেই কনট্যাক্টসে সংরক্ষণ করতে হবে।

লক থাকা অবস্থাতেও তথ্য দেখানোর সুবিধা চালু করুন

‘ইমার্জেন্সি অ্যাকসেস’ অংশে গিয়ে ‘শো হোয়েন লকড’ এবং ‘শেয়ার ডিউরিং ইমার্জেন্সি কল’ সুবিধা দুটি চালু করতে হবে। এতে ফোন আনলক না করেও জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য দেখা বা জরুরি কলের সময় তা শেয়ার করা সম্ভব হবে।

নিজের সাম্প্রতিক ছবি রাখুন

‘মেডিকেল আইডি’ পেজের ওপরের অংশে নিজের একটি সাম্প্রতিক ছবি যোগ করা যায়। জরুরি অবস্থায় উদ্ধারকারী বা চিকিৎসাকর্মীরা যাতে নিশ্চিত হতে পারেন যে তারা সঠিক ব্যক্তির তথ্য দেখছেন, সে ক্ষেত্রে ছবিটি সহায়ক হতে পারে।

সব তথ্য যোগ করার পর ওপরের ডান দিকে থাকা ‘ডান’ অপশনে চাপ দিলেই সেটআপ সম্পন্ন হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন