নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর আনল হিটাচি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩:১৫

নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর আনল হিটাচি

বাংলাদেশের বাজারে জাপানি ব্র্যান্ড হিটাচির নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করেছে ট্রান্সকম ডিজিটাল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ অনুষ্ঠানে নতুন সিরিজের পণ্যগুলো তুলে ধরা হয়।

নতুন রেফ্রিজারেটরগুলোতে রয়েছে ডুয়াল ফ্যান কুলিং, ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন, সিলেক্টেবল জোন ও ইনভার্টার প্রযুক্তি। উন্নত খাবার সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে এসব প্রযুক্তি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডুয়াল ফ্যান কুলিং প্রযুক্তিতে রেফ্রিজারেটর ও ফ্রিজার অংশের জন্য আলাদা কুলিং ব্যবস্থা রয়েছে। এতে দুই অংশে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন প্রযুক্তি খাবারের গন্ধ কমিয়ে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়া প্রতিরোধ করে।

রেফ্রিজারেটরগুলোর সিলেক্টেবল জোন সুবিধায় ব্যবহারকারীরা তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে রেখে সফট ফ্রিজ মোড অথবা ৩ ডিগ্রি সেলসিয়াসে রেখে সাধারণ রেফ্রিজারেটর মোড ব্যবহার করতে পারবেন। এতে বিভিন্ন ধরনের রান্নার প্রস্তুত খাবার সংরক্ষণ করা যাবে।

এ ছাড়া ইনভার্টার প্রযুক্তির ইন্টেলিজেন্ট কম্প্রেসর কন্ট্রোল কুলিং কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ ও শব্দ কমাতে সহায়তা করে। রেফ্রিজারেটরগুলোতে প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশ ও আধুনিক নকশা ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের রপ্তানি বিক্রয় পরিচালক তরুণ জৈন বলেন, বাংলাদেশ হিটাচির অগ্রাধিকারমূলক বাজারগুলোর একটি। নতুন রেফ্রিজারেটর সিরিজে জাপানি প্রকৌশল, প্রযুক্তিগত উদ্ভাবন ও মানের সমন্বয় ঘটানো হয়েছে। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশের আরও বেশি গ্রাহকের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম বলেন, নতুন সিরিজের সংযোজন বাংলাদেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের গৃহস্থালি পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। প্রতিষ্ঠানটির বিস্তৃত বিক্রয় ও সেবাকেন্দ্রের নেটওয়ার্ক কাজে লাগিয়ে পণ্যের সহজলভ্যতা এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফুজিমোরি ফুমিয়াসু ও রপ্তানি বিক্রয় প্রধান এলভিন থাম উপস্থিত ছিলেন। ট্রান্সকম ইলেকট্রনিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা শহিদুল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা শিব পদ দেসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রান্সকম ডিজিটাল। প্রতিষ্ঠানটি ট্রান্সকম ইলেকট্রনিক্সের একটি ব্যবসায়িক ইউনিট। দেশজুড়ে তাদের ৬৫টি নিজস্ব বিক্রয়কেন্দ্র ও ১৫০টি ডিলার পয়েন্ট রয়েছে। বাংলাদেশে হিটাচির অনুমোদিত সেবা সহযোগী হিসেবেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন