স্মার্ট টিভিতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সুবিধা
স্মার্ট টিভি প্ল্যাটফর্মে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। এর ফলে ছবি সম্পাদনা, ভিডিও তৈরি ও স্মৃতি খোঁজার মতো কাজ আরও সহজ হবে।
প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, তাদের স্মার্ট টিভি প্ল্যাটফর্মে নতুন একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা যোগ করা হচ্ছে। পাশাপাশি টিভির মূল পর্দায় স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখার নতুন ব্যবস্থা যুক্ত হবে।
এই হালনাগাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জেমিনি’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা। এতে একটি নতুন ‘তৈরি’ বোতাম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে পারবেন।
এর মধ্যে একটি সরঞ্জাম ছবি তৈরি ও সম্পাদনায় সহায়তা করবে। ব্যবহারকারীরা কণ্ঠ নির্দেশনা দিয়ে ছবির পোশাক বদলানো, পটভূমি পরিবর্তন করা বা নতুন দৃশ্য তৈরি করতে পারবেন।
আরেকটি সরঞ্জাম দিয়ে বর্ণনা অনুযায়ী ছোট ভিডিও তৈরি করা যাবে। এমনকি স্থির ছবিকেও নড়াচড়া করানো সম্ভব হবে। এই সুবিধাগুলো প্রথমে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু টেলিভিশনে চালু হবে। পরে ধীরে ধীরে অন্যান্য যন্ত্রেও এটি ছড়িয়ে দেওয়া হবে।
এ ছাড়া ছবি সংরক্ষণ সেবাতেও উন্নতি আনা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন ব্যবহারকারীরা সহজেই পুরোনো স্মৃতি খুঁজে পাবেন। যেমন ভ্রমণ বা জন্মদিনের ছবি দ্রুত খুঁজে পাওয়া যাবে।
ছবিগুলো বড় পর্দায় সহজে দেখার জন্য নতুনভাবে সাজানো হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো দিয়ে স্বয়ংক্রিয় স্লাইড প্রদর্শনীও চালাতে পারবেন। নতুন একটি সুবিধায় ছবিতে জলরঙ বা তেলরঙের মতো শিল্পধারা প্রয়োগ করা যাবে। এতে সাধারণ ছবিও আলাদা রূপ পাবে। একই সঙ্গে স্লাইড প্রদর্শনী আরও আকর্ষণীয় করতে চলমান নকশা, ফ্রেম ও রঙ ব্যবহার করা হবে।
অন্যদিকে টিভির মূল পর্দায় শিগগিরই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর একটি সারি দেখা যাবে। এতে বিভিন্ন ছোট ভিডিও সহজে দেখা যাবে।