এআই-নির্মিত ‘এআই নীতিমালা’ প্রত্যাহার করেছে দক্ষিণ আফ্রিকা

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৯

এআই-নির্মিত ‘এআই নীতিমালা’ প্রত্যাহার করেছে দক্ষিণ আফ্রিকা
ছবি : ম্যাশেবল

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেই পথেই বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে দেশটি। এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এমন সন্দেহে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালার খসড়া প্রত্যাহার করা হয়েছে।

আন্তর্জাতিক প্রযুক্তি ও ডিজিটাল সংস্কৃতি বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ম্যাশেবলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে নীতিমালাটির চূড়ান্ত অনুমোদনের প্রস্তুতি চলছিল। এ সময় খসড়ার সূত্র তালিকায় থাকা একাধিক তথ্য ও উদ্ধৃতি ভুয়া বলে ধরা পড়ে। পরে বিষয়টি সামনে আসতেই নীতিমালাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশটির যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তিবিষয়ক মন্ত্রী সোলি মালাতসি এক বিবৃতিতে জানান, নথিতে থাকা ভুয়া উদ্ধৃতি নীতিমালার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তার মতে, সবচেয়ে সম্ভাব্য কারণ হলো যথাযথ যাচাই ছাড়াই এআই-নির্মিত উদ্ধৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি কেবল একটি প্রযুক্তিগত ভুল নয়, বরং গুরুতর নীতিগত ব্যর্থতা। এ ধরনের ঘটনার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর মানব পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হয়েছে।

বিশ্লেষকদের মতে, বড় ভাষা মডেলভিত্তিক এআই প্রযুক্তিতে “হ্যালুসিনেশন” বা ভুল তথ্য তৈরি হওয়ার সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। বিশেষ করে আইন ও নীতিনির্ধারণী নথিতে এ ধরনের ভুল তথ্য ব্যবহারের ঘটনা বিশ্বজুড়েই বাড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে এআই দিয়ে তৈরি ভুল তথ্যযুক্ত আইনি নথির কারণে হওয়া শতাধিক মামলা শনাক্ত হয়েছে। একই ধরনের সমস্যা দক্ষিণ আফ্রিকাতেও কয়েকটি ঘটনায় দেখা গেছে।

প্রত্যাহার করা খসড়া নীতিমালায় একটি জাতীয় এআই কমিশন, নৈতিকতা বোর্ড এবং নিয়ন্ত্রক সংস্থা গঠনের পরিকল্পনা ছিল। পাশাপাশি কর সুবিধা, অনুদান ও ভর্তুকির মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল।

সরকার জানিয়েছে, সংশোধিত নতুন খসড়া কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

সূত্র : ম্যাশেবল

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন