ক্যাসেটপ্রেমীদের জন্য সেরা ৯ অডিও ক্যাসেট প্লেয়ার
ক্যাসেটের গান শোনা, পুরোনো অডিও সংরক্ষণ কিংবা কম্পিউটারে ক্যাসেটের শব্দ কপি করার জন্য বাজারে বিভিন্ন ধরনের প্লেয়ার রয়েছে। এসব যন্ত্রের মধ্যে কিছু পকেটে বহন করার উপযোগী, আবার কিছুতে সিডি, রেডিও, ইউএসবি ও ব্লুটুথ ব্যবহারের সুবিধাও আছে। পুরোনো ক্যাসেট শোনার জন্য ফিও সিপি১৩কে সেরা পছন্দ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পণ্য পর্যালোচনা ও ক্রেতা-সহায়ক ওয়েবসাইট ইজভিড উইকির ২৩ অক্টোবর ২০২৬-এ হালনাগাদ করা এক প্রতিবেদনে ৯টি ক্যাসেট প্লেয়ারের বৈশিষ্ট্য, সুবিধা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। তালিকায় পকেট প্লেয়ার থেকে শুরু করে ডাবল ডেকের রেকর্ডার এবং আধুনিক সুবিধাসম্পন্ন বুমবক্সও রয়েছে।
সেরা ৯টি ক্যাসেট প্লেয়ার
১. ফিও সিপি১৩ (FiiO CP13)
পুরোনো ক্যাসেট হেডফোনে শোনার জন্য ফিও সিপি১৩কে তালিকার সেরা প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়েছে। অ্যালুমিনিয়ামের তৈরি এই যন্ত্রে রয়েছে প্রায় ১৩ ঘণ্টা ব্যবহারের উপযোগী বিল্ট-ইন ব্যাটারি। ক্যাসেটের শব্দ সরাসরি অ্যানালগ পদ্ধতিতে হেডফোনে পৌঁছায়। তবে এতে রেকর্ডিং, স্পিকার বা রেডিওর সুবিধা নেই। শব্দে কিছুটা হিসহিস আওয়াজও শোনা যেতে পারে। দাম প্রায় ৮৭ মার্কিন ডলার।

২. ট্যাসক্যাম ২০২এমকেভিআইআই (Tascam 202MKVII)
পুরোনো ক্যাসেট সংরক্ষণ ও এক ক্যাসেট থেকে অন্য ক্যাসেটে শব্দ কপি করার জন্য উপযোগী ট্যাসক্যাম ২০২এমকেভিআইআই। এতে দুটি ক্যাসেট ডেক রয়েছে। একটি বোতাম চাপলেই এক ডেক থেকে অন্য ডেকে ক্যাসেট কপি করা যায়। এতে শব্দের হিসহিস আওয়াজ কমানোর ফিল্টার এবং কম্পিউটারে অডিও সংরক্ষণের জন্য ইউএসবি সংযোগ রয়েছে। রেকর্ডিংয়ের সময় তারযুক্ত মাইক্রোফোন ব্যবহারের সুবিধাও আছে। দাম প্রায় ৪৩৯ মার্কিন ডলার।

৩. সনি সিএফডি-এস৭০ (Sony CFD-S70)
সনি সিএফডি-এস৭০ একটি বহুমুখী বুমবক্স। এতে সিডি প্লেয়ার, ক্যাসেট রেকর্ডার এবং এএম-এফএম রেডিও রয়েছে। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ছয়টি সি ব্যাটারি দিয়েও এটি চালানো যায়। ছোট স্পিকারের শব্দ উন্নত করতে এতে বেস বুস্ট সুবিধা রয়েছে। তবে ব্লুটুথ না থাকায় ফোন থেকে গান শুনতে তারের মাধ্যমে সংযোগ দিতে হয়। দাম প্রায় ১৪৫ মার্কিন ডলার।

৪. রেটেকেস টিআর৬২১ (Retekess TR621)
বাজেটের মধ্যে একাধিক মাধ্যমে গান শোনার জন্য রেটেকেস টিআর৬২১ একটি বিকল্প। ক্যাসেট ও সিডির পাশাপাশি ইউএসবি ড্রাইভ এবং মেমোরি কার্ড থেকেও গান চালানো যায়। এতে এএম-এফএম রেডিও ও রিমোট কন্ট্রোল রয়েছে। বিদ্যুৎ সংযোগ অথবা ডি ব্যাটারিতে যন্ত্রটি চালানো যায়। তবে এর প্লাস্টিকের কাঠামো ও সাধারণ মানের ক্যাসেট ডেকের কারণে পেশাদারভাবে ক্যাসেট কপি করার জন্য এটি উপযোগী নয়। দাম প্রায় ৫৩ মার্কিন ডলার।

৫. কিউএফএক্স জে-২২০বিটি (QFX J-220BT)
আশির দশকের বুমবক্সের আদলে তৈরি কিউএফএক্স জে-২২০বিটিতে ক্যাসেট চালানো ও রেকর্ড করার সুবিধা রয়েছে। ক্যাসেট, রেডিও কিংবা মাইক্রোফোনের শব্দ ইউএসবি ড্রাইভ বা মেমোরি কার্ডে সংরক্ষণ করা যায়। এতে ব্লুটুথ সংযোগের পাশাপাশি শর্টওয়েভ রেডিও রয়েছে। তবে প্লাস্টিকের তৈরি এই যন্ত্রের শব্দের মান তুলনামূলক সাধারণ। দাম প্রায় ৪৪ মার্কিন ডলার।

৬. ফিলিপস এজেড৭৯৭টি (Philips AZ797T)
বড় ঘর বা খোলা জায়গায় গান শোনার জন্য ফিলিপস এজেড৭৯৭টি উপযোগী। এতে সিডি, ক্যাসেট, এফএম রেডিও ও ইউএসবি ড্রাইভ থেকে গান চালানো যায়। ব্লুটুথের মাধ্যমে ফোন থেকেও গান শোনা সম্ভব। উন্নত বেসের জন্য এতে বিশেষভাবে তৈরি স্পিকার রয়েছে। তবে আকারে বড় ও ওজনে ভারী হওয়ায় সহজে বহন করা যায় না। এতে এএম রেডিওর সুবিধাও নেই। দাম প্রায় ১৬৯ মার্কিন ডলার।

৭. জেনসেন সিআর-১০০ (Jensen CR-100)
কথা রেকর্ড করা, পুরোনো ভয়েস মেমো কিংবা বক্তৃতা শোনার জন্য জেনসেন সিআর-১০০ উপযোগী। এতে বিল্ট-ইন মাইক্রোফোন, স্পিকার, এএম-এফএম রেডিও ও হেডফোন সংযোগ রয়েছে। দুটি এএ ব্যাটারি অথবা আলাদা অ্যাডাপ্টারের মাধ্যমে এটি চালানো যায়। তবে ছোট স্পিকারের কারণে গান শোনার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। দাম প্রায় ২৯ মার্কিন ডলার।

৮. পাইল পিটি৬৫৯ডিইউ (Pyle PT659DU)
বাড়িতে পুরোনো ক্যাসেট কপি করার জন্য পাইল পিটি৬৫৯ডিইউতে রয়েছে দুটি ডেক। এতে স্বাভাবিক ও দ্রুতগতিতে ক্যাসেট কপি করা যায়। ক্রোম ক্যাসেট ব্যবহারের জন্য আলাদা সেটিং এবং অডিও রিসিভারের সঙ্গে যুক্ত করার জন্য আরসিএ সংযোগ রয়েছে। ইউএসবি পোর্টের মাধ্যমে ক্যাসেটের শব্দ কম্পিউটারে সংরক্ষণ করা যায়। তবে দুটি ডেক থাকলেও একসঙ্গে কেবল একটিতেই রেকর্ডিং করা সম্ভব। দাম প্রায় ২০২ মার্কিন ডলার।

৯. জিপিএক্স সিএএস৩৩৭বি (GPX CAS337B)
ক্যাসেট শোনার অভিজ্ঞতা নিতে আগ্রহী শিশু-কিশোর ও নতুন ব্যবহারকারীদের জন্য জিপিএক্স সিএএস৩৩৭বি একটি সাধারণ প্লেয়ার। এতে ক্যাসেট চালানো ও রেকর্ড করার পাশাপাশি এএম-এফএম রেডিও শোনা যায়। যন্ত্রটি বেল্টে লাগিয়ে বহন করা যায়। সঙ্গে রয়েছে ছোট স্পিকার, মাইক্রোফোন ও ইয়ারবাড। দুটি এএ ব্যাটারিতে এটি চলে। তবে শব্দের মান সাধারণ হওয়ায় গান শোনার চেয়ে কথার রেকর্ডিং ও সাধারণ ব্যবহারে বেশি উপযোগী। দাম প্রায় ১৭ মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে উন্নত মানের নতুন ক্যাসেট প্লেয়ার তৈরি করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কম। বাজারে ভালো মানের কয়েকটি মডেলের পাশাপাশি তুলনামূলক কম দামের প্লেয়ারও রয়েছে। তবে নতুন প্লেয়ারগুলোর অনেকগুলোর শব্দের স্থিতিশীলতা আশির দশকের ভালো মানের সংস্কার করা ওয়াকম্যানের তুলনায় পিছিয়ে।