প্রাইভেসি টুলের কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্নের মুখে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১২:৪৩

প্রাইভেসি টুলের কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্নের মুখে অ্যাপল
ছবি : টেকক্রাঞ্চ

অনলাইন গোপনীয়তা রক্ষায় অ্যাপলের ‘হাইড মাই ই-মেইল’ ফিচারটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, এই ফিচারের একটি ত্রুটির কারণে ব্যবহারকারীর আসল ই-মেইল ঠিকানা প্রকাশ হয়ে যেতে পারে, যা গোপনীয়তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

প্রযুক্তি বিষয়ক মাধ্যম ‘৪০৪ মিডিয়া’ জানিয়েছে, তারা পরীক্ষা করে এই দুর্বলতার সত্যতা নিশ্চিত করেছে। গবেষক টাইলার মারফি, যিনি ত্রুটিটি শনাক্ত করেন, বলেন, এক বছরেরও বেশি আগে তিনি অ্যাপলকে বিষয়টি জানান। কিন্তু এখনো এটি সমাধান করা হয়নি। তার দাবি, পরীক্ষায় এই ত্রুটিকে কাজে লাগানোর সব প্রচেষ্টাই সফল হয়েছে।

মারফির ভাষ্য অনুযায়ী, সমস্যাটির পূর্ণ পরিসর এখনো স্পষ্ট নয়। তবে স্বেচ্ছাসেবীদের নিয়ে সীমিত পরীক্ষায় দেখা গেছে, ‘হাইড মাই ই-মেইল’ ব্যবহৃত ১০০ শতাংশ ঠিকানাই এই ত্রুটির মাধ্যমে উন্মোচিত করা সম্ভব হয়েছে। অপব্যবহারের আশঙ্কায় দুর্বলতার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

টাইলার মারফি ডেটা অপসারণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ইজি অপ্ট আউটস’-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি জানান, উন্মুক্ত তথ্যভান্ডারভিত্তিক বিভিন্ন ‘পিপল সার্চ’ সাইটের মাধ্যমে একটি ই-মেইল ঠিকানার সঙ্গে অন্যান্য ব্যক্তিগত তথ্য সহজেই যুক্ত করা যায়। ফলে যারা নিরাপত্তার জন্য এই ফিচারের ওপর নির্ভর করছেন, তারা ঝুঁকিতে থাকতে পারেন।

এ বিষয়ে জানতে প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে। কোম্পানিটি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রযুক্তি বিশ্বে নির্ভরযোগ্য গোপনীয়তা সুরক্ষা ব্যবস্থা এমনিতেই সীমিত। তার ওপর, অনেক সময় এসব টুল প্রত্যাশা অনুযায়ী কাজও করে না। এর আগেও গোপনীয়তা সংক্রান্ত ইস্যুতে সমালোচনার মুখে পড়েছে অ্যাপল।

২০২২ সালে একটি মামলায় অভিযোগ করা হয়, আইফোনের অ্যানালিটিকস সেটিং বন্ধ থাকা সত্ত্বেও কিছু অ্যাপ অ্যাপলের কাছে ব্যবহারসংক্রান্ত তথ্য পাঠাচ্ছিল। একইভাবে, ২০২৩ সালে গবেষকেরা দাবি করেন, ওয়াই-ফাই সংযোগ গোপন রাখতে ব্যবহৃত একটি ফিচার কার্যত অকার্যকর, কারণ এটি ব্যবহারকারীর প্রকৃত ম্যাক ঠিকানাই প্রকাশ করে দিচ্ছিল।

ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষাকে ব্র্যান্ড পরিচয়ের বড় অংশ হিসেবে তুলে ধরে অ্যাপল। তাই ‘হাইড মাই ই-মেইল’ ফিচারের এই ত্রুটি দ্রুত সমাধান করা কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন