শীতের দিনে স্মার্টফোনের ব্যাটারি ব্যবহারে ৭ পরামর্শ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২০

শীতের দিনে স্মার্টফোনের ব্যাটারি ব্যবহারে ৭ পরামর্শ

শীতের সময় স্মার্টফোনের ব্যাটারির চার্জ স্বাভাবিকের চেয়ে দ্রুত কমে যেতে পারে। অতিরিক্ত ঠান্ডায় ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ায় চার্জ থাকা সত্ত্বেও ফোন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। তবে কয়েকটি সতর্কতা মেনে চললে শীতেও ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করা সম্ভব।

অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তাপমাত্রা কমে গেলে ব্যাটারির ভেতরে আয়নের চলাচল ধীর হয় এবং অভ্যন্তরীণ বাধা বেড়ে যায়। ফলে ক্যামেরা, ডিসপ্লে বা নেভিগেশন ব্যবহারের সময় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে ব্যাটারি হিমশিম খেতে পারে। এ কারণে ফোনের চার্জ থাকা সত্ত্বেও সেটি বন্ধ হয়ে যেতে পারে।

শীতে ফোনের ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী রাখতে সাতটি উপায় অনুসরণ করা যেতে পারে।

১. শরীরের কাছাকাছি রাখুন ফোন

বাইরে বের হলে ফোন জ্যাকেটের ভেতরের পকেটে রাখুন। এতে শরীরের তাপে ফোন তুলনামূলক উষ্ণ থাকবে এবং ঠান্ডা বাতাসের সরাসরি সংস্পর্শ এড়ানো যাবে। মোটরসাইকেল বা স্কুটারে চলার সময় প্রয়োজন না হলে ফোন হ্যান্ডেলবার থেকে খুলে পকেটে রাখুন।

২. বাইরে যাওয়ার আগে ব্যাটারি সেভার চালু করুন

দীর্ঘ সময় বাইরে থাকার পরিকল্পনা থাকলে আগেই ব্যাটারি সেভার চালু করুন। এতে ব্যাকগ্রাউন্ডে তথ্য হালনাগাদ, কিছু দৃশ্যগত প্রভাব ও ডিসপ্লের রিফ্রেশ রেট সীমিত হতে পারে। পাশাপাশি ডিসপ্লে বন্ধ হওয়ার সময় কমিয়ে উজ্জ্বলতা কমিয়ে রাখুন।

৩. মানচিত্র ও ভ্রমণের তথ্য আগেই সংরক্ষণ করুন

ভ্রমণের আগে ওয়াই-ফাই ব্যবহার করে প্রয়োজনীয় এলাকার মানচিত্র নামিয়ে রাখুন। ট্রেন বা বাসের টিকিট এবং আবাসনের তথ্যও ফোনে সংরক্ষণ করুন। এতে দুর্বল নেটওয়ার্কের কারণে বারবার ইন্টারনেট ব্যবহার করতে হবে না। তবে অফলাইন মানচিত্র ব্যবহারের জন্য জিপিএস চালু রাখতে হয়, যা ব্যাটারি খরচ করে।

৪. ক্যামেরা ও ডিসপ্লের ব্যবহার কমান

দীর্ঘ সময় ভিডিও ধারণ, ডিসপ্লের উজ্জ্বলতা বাড়ানো এবং নেভিগেশন একসঙ্গে চালালে ব্যাটারির চার্জ দ্রুত কমে। প্রয়োজনীয় ছবি বা ভিডিও ধারণের পর ডিসপ্লে বন্ধ করে ফোন পকেটে রাখুন। হাঁটার সময় সম্ভব হলে ডিসপ্লে চালু না রেখে কণ্ঠনির্দেশনা ব্যবহার করুন।

৫. পর্যাপ্ত চার্জ নিয়ে বের হন

দীর্ঘ সময় বাইরে থাকার আগে ফোন পুরোপুরি চার্জ করে নিন। বিশেষ করে পুরোনো ব্যাটারিতে চার্জ কম থাকলে ঠান্ডায় ফোন বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে।

৬. ঠান্ডা ফোন গরম হওয়ার পর চার্জ দিন

অতিরিক্ত ঠান্ডায় থাকা ফোন ঘরে ফিরিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য অপেক্ষা করুন। এরপর চার্জে দিন। দ্রুত গরম করতে হিটার বা গাড়ির গরম বাতাসের সামনে ফোন রাখবেন না। ফোন বা চার্জিং পোর্টে আর্দ্রতা দেখা গেলে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

৭. সঙ্গে চার্জ করা পাওয়ার ব্যাংক রাখুন

দীর্ঘ ভ্রমণ বা বাইরে বেশি সময় থাকার ক্ষেত্রে চার্জ করা পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। এটি শুকনো ও কিছুটা উষ্ণ জায়গায় রাখুন। তবে ফোন অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে পাওয়ার ব্যাংকে যুক্ত করার আগে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইরে ঠান্ডায় ফোন বন্ধ হয়ে গেলেও ঘরে এনে উষ্ণ করার পর স্বাভাবিকভাবে চালু হলে তাপমাত্রাই এর সম্ভাব্য কারণ। তবে ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও চার্জ দ্রুত কমলে বা চার্জ থাকা অবস্থায় ফোন বারবার বন্ধ হলে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন