উইন্ডোজ ১১-তে আসছে বয়স যাচাইয়ের নতুন ফিচার
উইন্ডোজ ১১-তে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের নতুন সুবিধা আনছে মাইক্রোসফট। ‘উইন্ডোজ এজ এপিআই’-এর মাধ্যমে অ্যাপগুলো ব্যবহারকারীর সঠিক বয়স বা জন্মতারিখ না জেনেই বয়সের নির্দিষ্ট শ্রেণি সম্পর্কে তথ্য জানতে পারবে। ১০ বছরের কম, ১০–১২, ১৩–১৫, ১৬–১৭ এবং ১৮ বছরের বেশি—এভাবে বয়সের শ্রেণি জানানো হবে। পাশাপাশি বয়স স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, সেটিও জানা যাবে।
তবে যেকোনো অ্যাপ ইচ্ছামতো এই তথ্য নিতে পারবে না। অ্যাপ নিবন্ধিত কি না এবং বয়স যাচাইয়ের তথ্য পাওয়ার অনুমোদন রয়েছে কি না, সেটি যাচাই করবে মাইক্রোসফটের ডিজিটাল সেফটি ব্যবস্থা। সুবিধাটি এখনো উইন্ডোজ ১১-তে সক্রিয় হয়নি। ২০২৬ সালের শেষ নাগাদ এটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।