আপনার জিমেইল অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে কি না বুঝবেন যেভাবে
ব্যক্তিগত তথ্যের সবচেয়ে বড় ভান্ডার এখন ই-মেইল। ব্যাংক, টিকিট বুকিং, অফিসের নথিপত্র থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ তথ্যই আসে ই-মেইলে। তাই জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা খুব জরুরি। কিন্তু আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা, তা কীভাবে বুঝবেন? গুগল এ বিষয়ে সহজ কিছু সুবিধা দিয়েছে, যেগুলো ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমে।
অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ শনাক্ত করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস এ যান। সেখান থেকে গুগল অপশনে প্রবেশ করে ‘ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট’ এ ক্লিক করুন। এরপর উপরের বিভাগগুলো থেকে ‘সিকিউরিটি’ অংশে যান। নিচে স্ক্রল করলে পাবেন ‘ইয়োর ডিভাইস’ নামের একটি অপশন। সেখানে গিয়ে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ এ ক্লিক করুন।
এই পাতায় আপনার জিমেইল অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ-ইন অবস্থায় রয়েছে, তার সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। আপনি যে ডিভাইস ব্যবহার করেন না, এমন কিছু দেখলে সেই ডিভাইসে ক্লিক করে সাইন আউট করে দিন।
এ ছাড়াও ব্রাউজার থেকেও জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোথায় ব্যবহার হচ্ছে। এ জন্য ব্রাউজারে লিখে যান: google.com/devices। এখানেও একইভাবে ডিভাইসের তালিকা দেখতে পাবেন।
যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন
- আপনি নেই এমন জায়গা থেকে লগইন দেখালে
- আপনার লেখা নয় এমন ই-মেইল ‘সেন্ট’ ফোল্ডারে থাকলে
- না পড়া মেইল হঠাৎ পড়া দেখালে
- ট্র্যাশ’ বা ‘স্প্যাম’ ফোল্ডারে অস্বাভাবিকভাবে মেইল জমতে থাকলে
- কোথাও নিবন্ধন না করেও সেখান থেকে মেইল আসতে থাকলে
- আপনার ডিভাইসেই লগ-ইন থাকা অবস্থায় হঠাৎ অন্য কোথাও থেকে নতুন লগ-ইন দেখালে
অ্যাকাউন্ট সুরক্ষায় করণীয়
- অচেনা ডিভাইস দেখলে সঙ্গে সঙ্গে সাইন আউট করুন
- নির্দিষ্ট সময় পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন
- অপরিচিত কারও ফোন বা ল্যাপটপে নিজের ই-মেইল অ্যাকাউন্টে লগ-ইন করবেন না
- দুইধাপ যাচাইকরণ (টু-স্টেপ ভেরিফিকেশন) চালু রাখুন
জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখা এখন সবার দায়িত্ব। কয়েকটি সহজ পদক্ষেপ নিলেই ব্যক্তিগত তথ্য অনেকটাই সুরক্ষিত থাকবে।