অভিষেকেই ইতিহাস গড়ল স্পেসএক্স, বাজারমূল্য ছাড়াল ২ ট্রিলিয়ন ডলার
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অভিষেকের দিনেই ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথম দিনের লেনদেনেই কোম্পানিটির শেয়ারদর ১৯ শতাংশ বেড়ে বাজারমূল্য পৌঁছে যায় প্রায় ২.১ ট্রিলিয়ন ডলারে, যা একে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর কাতারে নিয়ে এসেছে।
গতকাল (শুক্রবার) স্পেসএক্সের প্রতি শেয়ার ১৫০ ডলারে শেয়ার লেনদেন শুরু হয় । দিনভর লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ১৬০.৯৫ ডলারে। বিপুল বিনিয়োগকারীর আগ্রহে প্রথম দিনেই প্রায় ৫১০ মিলিয়ন শেয়ার হাতবদল হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৮৪ বিলিয়ন ডলার।
৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে বাজারে প্রবেশ করে স্পেসএক্স ইতোমধ্যে আলোচনায় জায়গা করে নিয়ে ছিল। তবে অভিষেকের দিনেই বাজারে এই দাপুটে উত্থান প্রযুক্তি খাতে নতুন ইতিহাস তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেলেও বিশ্লেষকদের একাংশ সতর্ক করেছেন। তাদের মতে, কোম্পানিটির বর্তমান মূল্যায়ন ও লাভজনকতার অনিশ্চয়তা ভবিষ্যতে শেয়ারের অস্থিরতা বাড়াতে পারে।
রকেট, স্যাটেলাইট এবং স্টারলিংকসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসার কারণে স্পেসএক্স ইতোমধ্যে বৈশ্বিক মহাকাশ ও যোগাযোগ খাতে অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জ নাসডাকে এই অভিষেক শুধু একটি কোম্পানির সাফল্য নয়, বরং মহাকাশ অর্থনীতি ও প্রযুক্তি খাতের নতুন যুগের সূচনাও ইঙ্গিত করছে।
সূত্র : রয়টার্স