রাউটারের ওপর কয়েন রাখলে কি গতি বাড়ে, কী বলছেন প্রযুক্তিবিদরা
ইন্টারনেটের গতি বাড়ানোর নামে সামাজিক মাধ্যমে নানা ধরনের টোটকা প্রায়ই ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি আলোচিত দাবি হলো, ওয়াইফাই রাউটারের ওপর একটি কয়েন রাখলে নাকি সংযোগ আরও দ্রুত ও স্থিতিশীল হয়। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই টোটকায় বলা হয়, সাধারণ একটি কয়েন নাকি রাউটারের সংকেত শক্তিশালী করতে পারে বা তাপ কমাতে সাহায্য করে। তবে নেটওয়ার্ক বিশেষজ্ঞদের মতে, এসব দাবির কোনো বাস্তব প্রমাণ নেই। বরং এতে যন্ত্রের কার্যকারিতায় সমস্যা দেখা দিতে পারে।
কেন কয়েন ওয়াইফাই গতি বাড়াতে পারে না
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ওয়াইফাই রাউটার সাধারণত দুটি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। একটি হলো ২ দশমিক ৪ গিগাহার্টজ ব্যান্ড এবং অন্যটি ৫ গিগাহার্টজ ব্যান্ড।
২ দশমিক ৪ গিগাহার্টজ ব্যান্ড তুলনামূলক বেশি দূরত্বে সংকেত পৌঁছাতে পারে এবং দেয়াল ভেদ করতেও সক্ষম, তবে গতি কম। অন্যদিকে ৫ গিগাহার্টজ ব্যান্ড অনেক দ্রুত গতি দেয়, কিন্তু এর কার্যকারিতা সীমিত দূরত্বে এবং বাধা সহ্য করার ক্ষমতা কম।

এই পুরো ব্যবস্থাটি নির্ভর করে রাউটারের ভেতরের অ্যান্টেনার নকশা, সংকেতের তরঙ্গদৈর্ঘ্য এবং প্রকৌশলগত টিউনিংয়ের ওপর। অ্যান্টেনা হলো এমন একটি নির্দিষ্ট প্রকৌশল উপাদান, যা বৈদ্যুতিক সংকেতকে রেডিও তরঙ্গে রূপান্তর করে। এর জন্য প্রয়োজন নির্দিষ্ট মাপ, অবস্থান এবং নকশা। একটি সাধারণ কয়েন এই প্রযুক্তিগত শর্ত পূরণ করতে পারে না।
ভাইরাল ধারণার উৎস
এই ধারণার পেছনে কয়েকটি ব্যাখ্যা প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করেন, কয়েন সংকেত প্রতিফলন করে অ্যান্টেনার কাজ উন্নত করতে পারে। আবার কেউ বলেন, এটি রাউটারের তাপ কমাতে সাহায্য করে।
তবে বাস্তবে সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা হলো, এটি কেবল একটি ওজন হিসেবে কাজ করে, যাতে হালকা রাউটার সরে না যায়। এর সঙ্গে ইন্টারনেট গতি বাড়ানোর কোনো সম্পর্ক নেই।
প্রযুক্তিবিদরা বলছেন, কিছু নির্দিষ্টভাবে ডিজাইন করা ধাতব প্রতিফলক সংকেত নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। কিন্তু সেটি সম্পূর্ণ ভিন্ন প্রকৌশল কাঠামোর অংশ, যা সাধারণ একটি কয়েনের সঙ্গে তুলনীয় নয়।
আসল ঝুঁকি কোথায়
বিশেষজ্ঞদের মতে, রাউটারের ওপর কোনো বস্তু রাখলে এর তাপ নির্গমনের পথ বাধাগ্রস্ত হতে পারে। রাউটার চলার সময় ভেতরের অংশ স্বাভাবিকভাবেই গরম হয় এবং পর্যাপ্ত বাতাস চলাচল না থাকলে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে।

এই পরিস্থিতিতে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে গতি কমিয়ে দিতে পারে বা সংযোগে সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় এভাবে ব্যবহার করলে রাউটারের আয়ুও কমে যেতে পারে।
এছাড়া ধাতব বস্তু সংকেতের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। তাই নেটওয়ার্ক বিশেষজ্ঞরা সাধারণত রাউটারের আশপাশে ধাতব বস্তু না রাখার পরামর্শ দেন।
ইন্টারনেট দ্রুত করার বাস্তব উপায়
বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট গতি নির্ভর করে রাউটারের অবস্থান ও পরিবেশের ওপর। খোলা, উঁচু এবং কেন্দ্রীয় স্থানে রাউটার রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

রান্নাঘর, দেয়ালের আড়াল বা বড় ধাতব বস্তুসমৃদ্ধ স্থানে রাউটার রাখলে সংকেত দুর্বল হয়ে যায়। অনেক সময় ব্যবহারকারীরা নেটওয়ার্কের স্বাভাবিক পরিবর্তনকে কোনো টোটকার ফল বলে ভুল করেন।
প্রযুক্তিবিদদের মতে, রাউটারের পারফরম্যান্স উন্নত করতে সঠিক অবস্থান, পরিবেশ এবং নিয়মিত সেটআপই সবচেয়ে কার্যকর উপায়। অপ্রমাণিত টোটকার ওপর নির্ভর করা বরং যন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।