গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৪:৫৯

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় ২৩ বছর ধরে গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন দায়িত্বে আল-আমিন গ্রামীণফোনের প্রযুক্তি বিভাগের নেতৃত্ব দেবেন। নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন তিনি। পাশাপাশি বিশ্বমানের সংযোগসেবা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করাও তার দায়িত্বের অংশ হবে।

চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগের আগে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেছেন আল-আমিন। এ পদে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দেন। এর আগে প্রতিষ্ঠানটির চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গ্রামীণফোনে দীর্ঘ কর্মজীবনে হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন আল-আমিন।

টেলিনর গ্রুপের আন্তর্জাতিক দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা রয়েছে তার। টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বড় পরিসরের বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দেন তিনি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, নিজেদের প্রতিষ্ঠান থেকে উঠে আসা একজন নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে পেয়ে তারা গর্বিত। আল-আমিনের নেতৃত্ব গ্রামীণফোনের প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রযুক্তিনির্ভর রূপান্তরকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইয়াসির আজমান আরও বলেন, গ্রামীণফোনকে আরও প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। একই সঙ্গে ডেটা বাজারে নেতৃত্ব আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা পূরণে সক্ষমতা বাড়ানোর কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

নতুন দায়িত্ব নিয়ে আল-আমিন বলেন, গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রযুক্তিগত ভিত্তি আরও শক্তিশালী করা, রূপান্তরের গতি বাড়ানো এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে আল-আমিন টেলিনর গ্রুপের বেশ কয়েকটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে টেলিনর অ্যাকসেলারেট লিডারশিপ প্রোগ্রাম, টেলিনর অ্যাকসেলারেট চেঞ্জ এক্সেলেন্স প্রোগ্রাম এবং টেলিনর কোর লিডারশিপ প্রোগ্রাম

আল-আমিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লামস) থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন তিনি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন