জরিমানার শঙ্কায় ইউরোপে স্প্যাম নীতিতে পরিবর্তন এনেছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১২:৪২

জরিমানার শঙ্কায় ইউরোপে স্প্যাম নীতিতে পরিবর্তন এনেছে গুগল

গুগল ইউরোপে তাদের স্প্যাম নীতিতে পরিবর্তন এনেছে। ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য প্রতিযোগিতা আইনের জরিমানা এড়াতে প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আলফাবেটের মালিকানাধীন গুগল সম্প্রতি জানিয়েছে, ইউরোপে ওয়েবসাইটের সুনাম অপব্যবহারসংক্রান্ত নীতিতে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অভিযোগ করেছিল, এই নীতির কারণে তাদের ওয়েবসাইট ও কনটেন্ট গুগল সার্চে পিছিয়ে পড়ছে।

তৃতীয় পক্ষের কনটেন্ট কোনো ওয়েবসাইটে প্রকাশ করে সার্চ ফলাফলে সুবিধা নেওয়ার চেষ্টাকে লক্ষ্য করে গুগলের ওই নীতি চালু ছিল। এ ধরনের কৌশলকে সাধারণত ‘প্যারাসাইট এসইও’ বলা হয়।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণে দেখা যায়, বাণিজ্যিক অংশীদারদের কনটেন্ট প্রকাশ করায় সংবাদমাধ্যমসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও কনটেন্ট গুগল সার্চে নিচে নামিয়ে দেওয়া হচ্ছিল।

গুগল জানিয়েছে, ৩০ আগস্ট থেকে ওয়েবসাইটের অবস্থান কমিয়ে দেওয়ার জন্য নেওয়া কোনো ম্যানুয়াল ব্যবস্থা ইউরোপীয় অর্থনৈতিক এলাকার ব্যবহারকারীদের ক্ষেত্রে কার্যকর হবে না। এর আওতায় ইইউর ২৭ দেশ ছাড়াও আইসল্যান্ড, নরওয়ে ও লিচেনস্টাইন থাকবে।

তবে ইউরোপীয় অর্থনৈতিক এলাকার বাইরে গুগলের এই নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না। ইইউ কমিশন জানিয়েছে, নতুন নীতিটি প্রতিযোগিতা আইন মেনে চলছে কি না, তা তারা পর্যবেক্ষণ করবে।

গুগলের নীতিটি নিয়ে উদ্বেগের পর ইউরোপীয় কমিশন ডিজিটাল মার্কেটস আইন অনুযায়ী তদন্ত শুরু করেছিল। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রভাব নিয়ন্ত্রণে এই আইনটি ব্যবহার করে থাকে ইইউ

ইইউর ডিজিটাল মার্কেটস আইন ভঙ্গ করলে কোনো প্রতিষ্ঠানের বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে গুগলের নতুন নীতিগত পরিবর্তনকে সম্ভাব্য বড় ধরনের জরিমানা এড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন