বিশ্বজুড়ে লিংকডইন ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটির বেশি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ১৬:৪২

বিশ্বজুড়ে লিংকডইন ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটির বেশি
ছবি : সংগৃহীত

পেশাদার যোগাযোগ ও চাকরি খোঁজার ক্ষেত্রে লিংকডইনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। নতুন পরিসংখ্যান বলছে, এই পেশাদার নেটওয়ার্কিং প্লাটফর্মে এখন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটির বেশি। তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে লিংকডইন এখন ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে।

ডিমান্ডসেইজ-এ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত লিংকডইনের মোট নিবন্ধিত ব্যবহারকারী ছাড়িয়েছে ১২০ কোটি। এটি আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৩১ কোটি মানুষ নিয়মিতভাবে লিংকডইন ব্যবহার করেন।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে লিংকডইন নতুন করে প্রায় ২০ কোটি ব্যবহারকারী পেয়েছে। তুলনামূলকভাবে ২০২৩ সালে এই প্লাটফর্মটির মোট ব্যবহারকারী ছিল প্রায় ১০০ কোটি। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন ২০২৪ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ১১৫ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছেছিল।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে লিংকডইনের ব্যবহারকারী সবচেয়ে বেশি। সেখানে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৫ কোটি ৭০ লাখ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে লিংকডইনের ব্যবহারকারী প্রায় ১৬ কোটি ১৫ লাখ। এরপর রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, কানাডা, মেক্সিকো, ফিলিপাইন, তুরস্ক ও অস্ট্রেলিয়া।

লিংকডইনের ব্যবহারকারীদের মধ্যে নারীর অংশ প্রায় ৪৩.২ শতাংশ এবং পুরুষের অংশ ৫৬.৮ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৫ থেকে ৩৪ বছর বয়সীরা এই প্লাটফর্মের সবচেয়ে বড় ব্যবহারকারী গোষ্ঠী। মোট ব্যবহারকারীর অর্ধেকেরও বেশি এই বয়সের মধ্যে পড়েন।

চাকরি খোঁজার ক্ষেত্রেও লিংকডইনের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি সপ্তাহে প্রায় ৬ কোটি মানুষ চাকরির জন্য লিংকডইনে প্রবেশ করেন। প্রতি মিনিটে গড়ে ৬ জন ব্যবহারকারী এই প্লাটফর্মের মাধ্যমে চাকরি পান। প্রতি সেকেন্ডে জমা পড়ে প্রায় ১৫৮টি চাকরির আবেদন।

রাজস্ব আয়ের দিক থেকেও লিংকডইনের প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। ২০২৫ অর্থবছরে প্লাটফর্মটির আয় হয়েছে প্রায় ১৭.৮১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মতে, দক্ষতা নির্ভর চাকরি, পেশাদার যোগাযোগ এবং অনলাইন নেটওয়ার্কিংয়ের চাহিদা বাড়তে থাকায় ভবিষ্যতেও লিংকডইনের ব্যবহার ও প্রভাব আরও বাড়বে। তরুণদের ক্যারিয়ার গঠনে লিংকডইন যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই পরিসংখ্যান তারই স্পষ্ট প্রমাণ।

সূত্র : ডিমান্ডসেইজ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন