দেশে চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য সরকারি প্ল্যাটফর্ম
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সরকার ফ্রিল্যান্সারদের জন্য আনছে জাতীয় নিবন্ধন ও আইডি কার্ডের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা পাবেন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং একাধিক সুবিধা।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই আইডি কার্ড ব্যবহার করে ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা সহজে নিতে পারবেন।
দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে সফলভাবে সম্পন্ন হয়েছে ভালনারেবিলিটি এসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং।
মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও শক্তিশালী হবে। দেশের ডিজিটাল অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, তরুণ সমাজের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও এটি একটি কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সব মিলিয়ে, এই নতুন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা, স্বীকৃতি এবং সংযোগের নতুন দ্বার খুলে দিচ্ছে।