আগামী মাসে বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯

আগামী মাসে বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’
ছবি : সংগৃহীত

অ্যানিমেশন দুনিয়ার একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। প্রায় তিন দশক ধরে ব্যবহৃত জনপ্রিয় দ্বিমাত্রিক অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এই সিদ্ধান্তে হতাশ বহু তরুণ অ্যানিমেটর ও কনটেন্ট নির্মাতা। বিশেষ করে যারা এখনো এই সফটওয়্যারেই নিয়মিত কাজ করে আসছেন।

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে অ্যাডোবি অ্যানিমেট আর ক্রয়ের জন্য পাওয়া যাবে না। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রশ্নোত্তরে বলা হয়েছে, বর্তমানে এমন কিছু নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা ব্যবহারকারীদের প্রয়োজন আরও কার্যকরভাবে পূরণ করছে। সেই পরিবর্তিত বাস্তবতার কারণেই সফটওয়্যারটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিদ্যমান ব্যবহারকারীদের জন্য কিছুটা সময় রাখছে অ্যাডোবি। সাধারণ গ্রাহকেরা ২০২৭ সালের ১ মার্চ পর্যন্ত নিজেদের তৈরি ফাইল ব্যবহার করতে পারবেন। এই সময়ের মধ্যে ফাইল ডাউনলোড করার সুযোগও থাকবে। করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য এই সময়সীমা আরও বাড়িয়ে ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। পাশাপাশি এই সময়জুড়ে অ্যাডোবির পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেওয়া হবে।

অ্যাডোবি অ্যানিমেটের ইতিহাস শুরু হয়েছিল ১৯৯৬ সালে। সে সময় ফিউচারওয়েভ সফটওয়্যার ভেক্টরভিত্তিক অ্যানিমেশন তৈরির একটি টুল বাজারে আনে। সফটওয়্যারটির নাম ছিল ফিউচারস্প্ল্যাশ অ্যানিমেটর। একই বছর ম্যাক্রোমিডিয়া এটি অধিগ্রহণ করে এবং নাম পরিবর্তন করে ফ্ল্যাশ রাখা হয়।

২০০৫ সালে অ্যাডোবি ম্যাক্রোমিডিয়াকে কিনে নেয়। তখন সফটওয়্যারটির নাম হয় অ্যাডোবি ফ্ল্যাশ প্রফেশনাল। সময়ের সঙ্গে সঙ্গে ওয়েব জগতে ফ্ল্যাশের ব্যবহার কমতে থাকে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে সফটওয়্যারটির নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাডোবি অ্যানিমেট।

অ্যাডোবির দাবি, তাদের ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকেরা চাইলে অ্যানিমেটের বিকল্প হিসেবে আফটার ইফেক্টস বা অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক অ্যানিমেশন নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড সিরিজ চিকেন নাগেটের নির্মাতারা জানিয়েছেন, তারা এখনো নিয়মিত অ্যাডোবি অ্যানিমেট ব্যবহার করেন।

তাদের মতে, এই সিদ্ধান্ত অ্যানিমেশন শিল্পের অসংখ্য চাকরিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। একই সঙ্গে অতীতে তৈরি হওয়া বহু অ্যানিমেশন হারিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হবে। এমন উদ্বেগ প্রকাশ করেছেন আরও অনেক নির্মাতা।

তরুণ অ্যানিমেটরদের বড় একটি অংশের কাছে অ্যাডোবি অ্যানিমেট ছিল শেখার প্রথম ধাপ। সহজ ব্যবহার আর শক্তিশালী ফিচারের কারণে সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এটি বন্ধ হয়ে যাওয়ায় এখন নতুন প্ল্যাটফর্মে অভ্যস্ত হতে হবে ব্যবহারকারীদের। অ্যানিমেশন জগতে তাই এক নতুন অধ্যায়ের শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : দ্য ভার্জ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন