এআই চাহিদার জোয়ারে স্যান্ডিস্কের শেয়ারে উল্লম্ফন
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দ্রুত বিস্তারে ডেটা সংরক্ষণের চাহিদা নতুন উচ্চতায় পৌঁছেছে। এই চাহিদার সরাসরি সুফল পাচ্ছে মেমোরি ও স্টোরেজ খাতের প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা স্টোরেজ নির্মাতা স্যান্ডিস্কের শেয়ারে দেখা গেছে উল্লেখযোগ্য উত্থান। বিনিয়োগকারীদের আশাবাদ বাড়িয়েছে কোম্পানিটির শক্তিশালী আয় পূর্বাভাস ও দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি।
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যমতে, এআইনির্ভর ডেটা সংরক্ষণের চাহিদা বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে স্যান্ডিস্কের আয় ও মুনাফা বাজারের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ঘোষণার পর একদিনেই স্যান্ডিস্কের শেয়ারমূল্য প্রায় ১৪ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। জানুয়ারি মাসজুড়ে শেয়ারটির দাম প্রায় ১৬০ শতাংশ বেড়েছে। ফলে এটি এসঅ্যান্ডপি ফাইভ হান্ড্রেড সূচকের সেরা পারফরমারদের একটি হয়ে উঠেছে।
স্যান্ডিস্ক জানিয়েছে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তাদের রাজস্ব হতে পারে ৪ দশমিক ৪ বিলিয়ন থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের মধ্যে। একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা হতে পারে ১২ থেকে ১৪ ডলার। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এর চেয়ে অনেক কম। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, বাজার যেখানে রাজস্ব ও মুনাফা নিয়ে তুলনামূলক রক্ষণশীল ছিল, সেখানে স্যান্ডিস্কের এই পূর্বাভাস বিনিয়োগকারীদের চমকে দিয়েছে।
মরগান স্ট্যানলির বিশ্লেষকদের মতে, স্যান্ডিস্কের বর্তমান আয় প্রবণতা দীর্ঘমেয়াদেও বজায় থাকতে পারে। বিশেষ করে এআই প্রযুক্তির বিস্তার যদি একই গতিতে চলতে থাকে, তাহলে ডেটা স্টোরেজের চাহিদা আরও কয়েক বছর শক্ত অবস্থানে থাকবে।
স্যান্ডিস্কের প্রতিদ্বন্দ্বী ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট টেকনোলজি এবং মাইক্রনের মতো প্রতিষ্ঠানও সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। যদিও ওয়েস্টার্ন ডিজিটাল তৃতীয় প্রান্তিকের ইতিবাচক পূর্বাভাস দিলেও তাদের শেয়ার কিছুটা কমেছে।
বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। এআই ও ভোক্তা ইলেকট্রনিকস কোম্পানিগুলো সীমিত সরবরাহের জন্য প্রতিযোগিতায় নেমেছে। মর্নিংস্টারের বিশ্লেষকদের ধারণা, এই সরবরাহ সংকট অন্তত ২০২৮ সাল পর্যন্ত চলতে পারে। এতে স্যান্ডিস্কের মতো নির্মাতারা দীর্ঘমেয়াদে বড় অর্ডার পেতে পারে।
দ্বিতীয় প্রান্তিকে স্যান্ডিস্কের বিক্রি হয়েছে ৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার এবং শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা দাঁড়িয়েছে ৬ দশমিক ২ ডলারে। এই ফলাফলও বাজারের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। জাপানের কিওশিয়া করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ফ্ল্যাশ চিপ সরবরাহ নিশ্চিত করেছে স্যান্ডিস্ক। দুই প্রতিষ্ঠান তাদের সরবরাহ চুক্তির মেয়াদ ২০২৯ সালের বদলে বাড়িয়ে ২০৩৪ সাল পর্যন্ত করেছে।
এই শক্ত অবস্থানের কারণে অন্তত পাঁচটি ব্রোকারেজ প্রতিষ্ঠান স্যান্ডিস্কের শেয়ারের লক্ষ্যমূল্য বাড়িয়েছে। এর মধ্যে বার্নস্টাইনের পূর্বাভাস সবচেয়ে বেশি, যেখানে শেয়ারের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে এক হাজার ডলার।