প্রয়োজন ছাড়া পণ্যে এআই যুক্ত করতে চায় না অ্যাপল
শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার জন্য নতুন পণ্য তৈরি করতে চায় না অ্যাপল। বরং ব্যবহারকারীদের কাজে লাগে এবং তাদের পছন্দের পণ্য তৈরিতেই গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়্যার্ড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস।
গত কয়েক বছরে এআই প্রযুক্তিতে পিছিয়ে থাকার অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। বিশেষ করে উন্নত সংস্করণের সিরি চালু করতে দীর্ঘ সময় নেওয়ায় সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। তবে গত সেপ্টেম্বরের শুরুতে সিইওর দায়িত্ব নেওয়া জন টার্নাস মনে করেন, এআই নিয়ে অ্যাপল বর্তমানে ভালো অবস্থানে রয়েছে।
টার্নাস বলেন, নতুন পণ্য তৈরিতে অ্যাপল অবশ্যই এআই ব্যবহার করবে। তবে শুধু এআই যুক্ত করার জন্য কোনো প্রযুক্তি বাজারে আনতে চায় না প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা কোনো সুবিধা এআইয়ের মাধ্যমে এসেছে, নাকি প্রচলিত সফটওয়্যারের সাহায্যে, তা নিয়ে ভাববেন না। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো পণ্যটি কতটা কার্যকর ও পছন্দের।
সাক্ষাৎকারে ওয়্যার্ডের সাংবাদিক স্টিভেন লেভি জানতে চান, ভবিষ্যতে এআই এজেন্টের কারণে প্রচলিত অ্যাপের প্রয়োজনীয়তা কমে যেতে পারে কি না। জবাবে টার্নাস বলেন, এতে মানুষের দৈনন্দিন কাজ সহজ হতে পারে। তবে নতুন পণ্য তৈরি করা মানুষের সৃজনশীলতা ও ব্যক্তিগত আগ্রহের বিষয়। অ্যাপল এই কাজ উপভোগ করে।
সূত্র : টেকক্রাঞ্চ