আইএফএ প্রদর্শনী ২০২৬
এআই প্রযুক্তিতে স্মার্ট বাড়ির নতুন ধারণা টিসিএলের
টিভিকে কেন্দ্র করে স্মার্ট বাড়ির বড় একটি প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে চাইছে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টিসিএল। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬-এ প্রতিষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি এআই সুবিধার ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, রাউটার, স্মার্টফোন ও এআর চশমাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইনকোয়ারার ডটনেটের প্রতিবেদনে বলা হয়েছে, টিসিএলের ‘ইনস্পিরেশন হ্যাবিট্যাট’ প্রচলিত প্রযুক্তি প্রদর্শনীর মতো নয়। একটি বাড়ির বিভিন্ন কক্ষে ব্যবহারের উপযোগী করে পণ্যগুলো সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা একই পরিবেশে এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা নিতে পারেন।
প্রদর্শনীতে টিসিএলের এক্স১১এল এসকিউডি-মিনি এলইডি টিভিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ এই প্রযুক্তির টিভিতে উজ্জ্বলতা ও বৈপরীত্য নিয়ন্ত্রণের পাশাপাশি বিস্তৃত রঙের পরিসর ও উচ্চমানের এইচডিআর সুবিধা রয়েছে। সি৮এল এসকিউডি-মিনি এলইডি টিভি এবং এক্স৩ সিরিজের ওএলইডি+ গেমিং মনিটরও প্রদর্শন করা হয়েছে।

টিসিএল স্মার্টফোনের পাশাপাশি রেইনিও আইও স্মার্ট চশমা ও রেইনিও জিটি ম্যাক্স এআর চশমাও দেখিয়েছে। জিটি ম্যাক্স চশমায় ডলবি ভিশন সুবিধা রয়েছে। এ পণ্যটি আইএফএ ইনোভেশন অ্যাওয়ার্ডের স্বীকৃতিও পেয়েছে।
ওয়াশিং মেশিনেও এআই
টিসিএলের এআই সুপারড্রাম লন্ড্রি টাওয়ার পি৯ (p9) আলট্রা ওয়াশিং মেশিনে ‘জেনারেটিভ এআই ওয়াশ’ সুবিধা রয়েছে। এটি কাপড়ের ধরন বিশ্লেষণ করে উপযুক্ত ওয়াশিং পদ্ধতি নির্ধারণ করতে পারে। ফলে প্রতিবার কাপড় ধোয়ার সময় ব্যবহারকারীকে নিজে থেকে ওয়াশিং সাইকেল বেছে নিতে হয় না।

টিসিএলের মতে, এ ধরনের এআই সুবিধার মূল উদ্দেশ্য জটিল কোনো কাজ করা নয়, বরং ব্যবহারকারীর দৈনন্দিন কাজের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কমানো। একই ধারণা প্রতিষ্ঠানটি অন্যান্য গৃহস্থালি যন্ত্রেও প্রয়োগ করছে।
এ ছাড়া ফ্রেশইন ৩.০ আলট্রা এয়ার কন্ডিশনার, স্মার্ট সুবিধার ফ্রিজ এবং এআই সুবিধার ৫জি এআই সিপিই এক্স৫ রাউটার প্রদর্শন করেছে টিসিএল। এসব পণ্যকে একই সংযুক্ত পরিবেশে ব্যবহারের ধারণা তুলে ধরতে ‘এনএক্সটিহোম’ ধারণাও প্রদর্শন করা হয়েছে।
বাড়ির এআই সঙ্গী আইমি
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল টিসিএলের ‘আইমি’ ফ্যামিলি কম্প্যানিয়ন রোবট। মানুষের সঙ্গে যোগাযোগ ও শারীরিক নড়াচড়ার মাধ্যমে কাজ করতে সক্ষম এই রোবটকে শিশুদের সঙ্গ দেওয়া এবং অভিভাবকদের দৈনন্দিন কাজে সহায়তার জন্য তৈরি করা হয়েছে।
অন্যান্য গৃহস্থালি যন্ত্রের তুলনায় আইমি আলাদা, কারণ এটি শুধু কাজ স্বয়ংক্রিয় করার জন্য নয়, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য তৈরি। টিসিএলের এআইনির্ভর স্মার্ট হোম ধারণায় তাই রোবটটি নতুন ধরনের ব্যবহারিক অভিজ্ঞতা যোগ করেছে।
আইএফএ ২০২৬-এর প্রদর্শনীতে টিসিএলের পণ্যগুলো থেকে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার একটি ধারণা পাওয়া যায়। টিভিকে আলাদা কোনো পণ্য হিসেবে না দেখে এর সঙ্গে গৃহস্থালির যন্ত্র, স্মার্টফোন, নেটওয়ার্কিং সরঞ্জাম ও এআই প্রযুক্তিকে যুক্ত করে একটি সমন্বিত স্মার্ট হোম ইকোসিস্টেম গড়ে তুলতে চাইছে প্রতিষ্ঠানটি।